আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়

গোলশূন্য ড্রয়ে শেষ ফাইনাল; ৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ৯ দিনের প্রতিযোগিতার সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭-এর ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ায় প্রতিযোগিতার বাইলজ অনুযায়ী দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেছে।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোসা. রোকসানা বেগম।

নয় দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয়ের দল অংশ নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।