রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে তিন সিটি ও পৌরসভার প্রতিনিধিরা

রাজশাহীতে তিন দিনব্যাপী কর্মশালা শুরু; আড়াই লাখ বৃক্ষরোপণ, মাস্টারপ্ল্যান ও সোলার বিদ্যুৎ চালুর পরিকল্পনার কথা জানালেন রাসিক প্রশাসক।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে পরিচিত রাজশাহীর পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও নগর উন্নয়ন কার্যক্রম থেকে অভিজ্ঞতা নিতে তিন সিটি কর্পোরেশন ও একটি পৌরসভার প্রশাসক, কর্মকর্তা এবং কমিউনিটি প্রতিনিধিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাজশাহী নগর ভবনের সিটি হলরুমে এ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রকল্পের (ইউডিসিজিপি) আওতায় ‘অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। আগামী ২৬ নভেম্বর কর্মশালাটি শেষ হবে।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা এবং ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো।

স্বাগত বক্তব্য দেন ইউডিসিজিপির প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান। রাজশাহীর কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

‘নগরকে সাজাও’—প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ চলছে

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। সবার আন্তরিকতা, সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তাদের নির্দেশনা দিয়েছেন—‘তোমাদের কাজ হচ্ছে নগরকে সাজাও।’ সেই লক্ষ্য সামনে রেখে রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে।

রাজশাহীকে দেশের অন্যতম পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর নগরী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ পরিচিতি ধরে রাখতে সিটি কর্পোরেশন নিয়মিত বর্জ্য সংগ্রহ, সড়ক ও নালা-নর্দমা পরিষ্কার, বর্জ্য স্থানান্তর এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। তবে পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের নয়; নগরবাসীর সচেতনতা, পরিচ্ছন্নতা কর্মীদের আন্তরিকতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টাও জরুরি।

তিনি আরও বলেন, জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বাড়ছে। এ কারণে প্রচলিত ব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশসম্মত উপায়ে বর্জ্য অপসারণের ওপর গুরুত্ব দিতে হবে।

আড়াই লাখ বৃক্ষরোপণ, তৈরি হবে নতুন মাস্টারপ্ল্যান

নগর উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে রাসিক প্রশাসক বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক সেবার মানোন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, ফুটপাত দখলমুক্তকরণ, ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন এবং নগরীর সবুজায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, রাজশাহী নগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। নগরীকে নতুনভাবে সাজাতে মাস্টারপ্ল্যান তৈরির উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নগর ভবনসহ সিটি কর্পোরেশনের অন্যান্য ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে প্রতি মাসে বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য ব্যয় সাশ্রয় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিন সিটি কর্পোরেশন ও একটি পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগকে ইতিবাচক উল্লেখ করে মাহফুজুর রহমান রিটন বলেন, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় সব প্রতিষ্ঠানের জন্য উপকারী হবে।

রাজশাহীর অভিজ্ঞতা নিজ নিজ নগরে কাজে লাগাতে চান প্রতিনিধিরা

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, জাইকার সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় অংশ নিয়ে রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম সরেজমিনে দেখার সুযোগ হবে। এখান থেকে অর্জিত অভিজ্ঞতা নিজ নিজ এলাকায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, কীভাবে রাজশাহীর মতো পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলা যায়, সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনই কর্মশালার মূল লক্ষ্য। এক সিটি কর্পোরেশনের অর্জিত সাফল্য ও অভিজ্ঞতা অন্য সিটি কর্পোরেশনের জন্য অনুকরণীয় হতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসকদের দায়িত্ব দেওয়ার পর পবিত্র ঈদুল আজহায় কোরবানির বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা দিয়েছিলেন উল্লেখ করে ইউসুফ মোল্লা টিপু বলেন, তারা সেই নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ করেছেন। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ চলছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনের চেষ্টা করছেন তারা। জাইকার সহযোগিতায় আয়োজিত পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের কর্মসূচিতে অংশ নিতে পেরে তারা আনন্দিত।

রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, নগরবাসী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় রাজশাহীতে যে সুন্দর পরিবেশ ও উদ্যোগ গড়ে উঠেছে, তা প্রশংসনীয়। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নারায়ণগঞ্জের উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নিতে চান তারা।

সরেজমিনে দেখা হবে বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম

কর্মশালায় অংশগ্রহণকারীরা রাজশাহী সিটি কর্পোরেশনের বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ কার্যক্রম, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা এবং রাতের বেলা সড়ক পরিষ্কার কার্যক্রমসহ নগরীর বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।

আয়োজকদের প্রত্যাশা, এ কর্মশালার মাধ্যমে বিভিন্ন নগর কর্তৃপক্ষের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা ও পরিকল্পনা প্রণয়নের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে নিজ নিজ এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ও নগরসেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।