যুব অলিম্পিকে বিশ্বে পঞ্চম, বান্দরবানে সংবর্ধিত বক্সার নয়ন ত্রিপুরা

ডাকারে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য; বান্দরবান বক্সিং একাডেমি ও হিল রানার্স কমিটির সম্মাননা প্রদান!

অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ২০২৬ সালের যুব অলিম্পিক গেমসে বক্সিংয়ে পঞ্চম স্থান অর্জন করেছেন বান্দরবানের তরুণ বক্সার নয়ন ত্রিপুরা (নয়ন ত্রিপুরা জনি)। আন্তর্জাতিক মঞ্চে দেশের পতাকা তুলে ধরে এই সাফল্য অর্জন করায় বান্দরবান বক্সিং একাডেমি ও বান্দরবান হিল রানার্স কমিটির পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বান্দরবান শহরের চেয়ারম্যান পাড়ার ৪ নম্বর ওয়ার্ডের নিয়ুমার্কেটে আয়োজিত এক অনুষ্ঠানে নয়ন ত্রিপুরার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বিএসএস সূত্রে জানা গেছে, ২০২৬ সালের যুব অলিম্পিক গেমস ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডাকারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে চারজন ক্রীড়াবিদ তিনটি বিভাগে অংশ নেন। বক্সিংয়ে নয়ন ত্রিপুরা পুরুষদের ৭০ কেজি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করেন। অ্যাথলেটিকসে শিপন মিয়া (১০০ মিটার) এবং সাঁতারে মাইশা আক্তার মিম ও আব্দুল আজিম অংশগ্রহণ করেন।

বক্সিং প্রতিযোগিতা ৭ থেকে ১২ নভেম্বর ডাকার এক্সপো সেন্টারে অনুষ্ঠিত হয়। পুরুষদের ৭০ কেজি বিভাগে স্বর্ণ জয় করেন গ্রেট ব্রিটেনের মাইকেল মগান এবং রৌপ্য পান কাজাখস্তানের বিবারিস আশিরবায়। নয়ন ত্রিপুরা এই বিভাগে পঞ্চম স্থান অর্জন করেন, যা বাংলাদেশের জন্য যুব অলিম্পিকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হয়েছে।

সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান বক্সিং একাডেমির চেয়ারম্যান মাহফুজুর রশিদ বাচ্চু, কোচ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান হিল রানার্স কমিটির সভাপতি শান্তনু দাশ, সহসভাপতি ক্য ক্য মারমা, সাধারণ সম্পাদক মো. আরিফসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের প্রতিনিধিত্বকারী তরুণদের যথাযথ সম্মাননা ও উৎসাহ দেওয়া জরুরি। নয়ন ত্রিপুরার এই অর্জন শুধু বান্দরবানের নয়, পুরো দেশের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয়। তাঁর সাফল্য পাহাড়ি এলাকার নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করবে এবং বক্সিংসহ অন্যান্য খেলায় প্রতিভা বিকাশে অনুপ্রেরণা জোগাবে।

স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করেন, পর্যাপ্ত প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা ও আন্তর্জাতিক এক্সপোজার নিশ্চিত করা গেলে নয়ন ত্রিপুরার মতো আরও অনেক তরুণ আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সুনাম বয়ে আনতে পারবেন।

পাহাড়ের সন্তান নয়ন ত্রিপুরার এই অর্জনে গর্বিত বান্দরবানবাসী। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা উত্তোলনকারী এই তরুণ বক্সারকে স্থানীয়রা অভিনন্দন জানিয়েছেন।