নভেম্বরে ১২১টি ককটেল বিস্ফোরণ, পরিবহনে আগুন ৯৯টি

এসব ঘটনায় নিহত একজন, আহত ১১; গ্রেপ্তার ১০০ জন। পুলিশের স্থাপনা ও যানবাহনেও একাধিক হামলার তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

টুইট ডেস্ক : চলতি নভেম্বর মাসে এখন পর্যন্ত সারা দেশে ১২১টি ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৯৯টি। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১০০ জনকে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে ৭২টি। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি সাধারণ ডায়েরি হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে।

জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে। ফলে তাদের ঝটিকা মিছিলের কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড বেআইনি হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার বিষয়ে উপদেষ্টা জানান, এখন পর্যন্ত পুলিশের স্থাপনায় হামলার চারটি ঘটনা ঘটেছে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে ২৮টি এবং পুলিশের স্থাপনা ও গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে চারটি। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের বিষয়ে তিনি বলেন, এ ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত তথ্য পুলিশের কাছে থাকা তথ্যের চেয়ে বেশি। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে ড. মুহাম্মদ ইউনূস দাবি করেছেন, প্রায় ১০০টি শাখায় হামলা হয়েছে।

জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। এসব ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় দলটির চারজন কর্মী নিহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, গোপালগঞ্জে এসব ঘটনার সময় সংসদ সদস্যসহ অনেক নেতা-কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। একটি হাসপাতালেও আগুন দেওয়া হয়েছে।

হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে জাহেদ উর রহমান বলেন, হাসপাতাল কোনো হামলার লক্ষ্যবস্তু হতে পারে না। এমনকি যুদ্ধের সময়ও পরিকল্পিতভাবে হাসপাতালে হামলা করা হলে তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়।

গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কূটনৈতিক তৎপরতা

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

তিনি জানান, ১৯৯৬ সালে স্বাক্ষরিত দুই দেশের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১০ দিনের চক্রে পানি বণ্টনের ব্যবস্থার মেয়াদও একই দিনে শেষ হবে।

জাহেদ উর রহমান বলেন, চুক্তি নবায়নের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে। ভারতকেও একই ধরনের কমিটি গঠন করে প্রথম বৈঠক আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও জানান, গত ১৭ নভেম্বর বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী এ বিষয়ে ভারতের সংশ্লিষ্ট মন্ত্রীকে চিঠি দিয়েছেন। দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নিতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।