কাতার-যুক্তরাষ্ট্রের অষ্টম কৌশলগত সংলাপ, এআই ও খনিজ খাতে চুক্তি

প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের উদ্যোগ; কৃত্রিম বুদ্ধিমত্তা ও গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াকরণে সমঝোতা
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে অষ্টম কৌশলগত সংলাপে বসেছে কাতার ও যুক্তরাষ্ট্র। সোমবার (২৩ নভেম্বর) ওয়াশিংটনে অনুষ্ঠিত এ সংলাপে নেতৃত্ব দেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সংলাপে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও সম্প্রসারণে রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও সংস্কৃতির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং খনিজ খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ সময় কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ত্বরান্বিত করতে একটি অংশীদারত্ব চুক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াকরণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বৈঠকে আন্তর্জাতিক সম্পর্ক, লাতিন আমেরিকায় নতুন সহযোগিতার সুযোগ এবং দুই দেশের প্রতিরক্ষা অংশীদারত্ব নিয়েও আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় সমুদ্রপথে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।
আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনায় গাজা, ইরান, সিরিয়া, লেবানন ও আফগানিস্তানসহ বিভিন্ন অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি উঠে আসে। উত্তেজনা প্রশমন, স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং কূটনৈতিক উদ্যোগে দুই দেশের সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন নেতারা।
এ ছাড়া দুই দেশের মধ্যে প্রতিরক্ষা বিক্রয়, যৌথ সামরিক মহড়া, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা উন্নয়নের বিষয়েও আলোচনা হয়। প্রতিরক্ষা সহযোগিতায় ৩৮ বিলিয়ন ডলারের সমঝোতার অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
কাতার ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তির প্রাক্কালে অনুষ্ঠিত এ সংলাপে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উভয় দেশ।
সূত্র: কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও যৌথ বিবৃতি।






