দীর্ঘদিনের অনিয়মে বেড়েছে খেলাপি ঋণ: কেন্দ্রীয় ব্যাংক

দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বল ঋণ ব্যবস্থাপনায় ব্যাংক খাতের প্রকৃত চিত্র প্রকাশ; ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণে উল্লেখযোগ্য অগ্রগতির আশা কেন্দ্রীয় ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক: ব্যাংক খাতে খেলাপি ঋণের হার বৃদ্ধি এবং আর্থিক সূচকের অবনতির দায় সাম্প্রতিক দুই বছরের ওপর চাপাতে চায় না বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের দাবি, দীর্ঘদিনের পুঞ্জীভূত অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা ও সম্পদের গুণগত মানের অবনতির প্রকৃত চিত্র এখন সামনে আসছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে সম্পদমান পর্যালোচনার (অ্যাসেট কোয়ালিটি রিভিউ—একিউআর) মাধ্যমে এসব দুর্বলতা চিহ্নিত করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ এবং সমস্যাগ্রস্ত সম্পদের সঠিক চিত্র তুলে ধরতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুসরণ করে সম্পদমান পর্যালোচনা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মতে, ব্যাংক খাতের দুর্বলতা দূর করে টেকসই সংস্কার নিশ্চিত করতে প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ অপরিহার্য। তাই খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে সাম্প্রতিক পরিবর্তনকে গত দুই বছরের কার্যক্রমের ফল হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। বরং এসব পরিবর্তন দীর্ঘ সময়ের অনিয়ম ও দুর্বলতার প্রতিফলন।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, চলমান সংস্কার কার্যক্রমের ফলে আগামী ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব হবে বলে তারা আশা করছে।
ব্যাংক খাতে সমন্বিত সংস্কার কার্যক্রম
সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক খাতের স্থিতিশীলতা রক্ষা, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।
এর অংশ হিসেবে সাময়িক তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে জরুরি তারল্য সহায়তা ও গ্যারান্টি দেওয়া হচ্ছে। পাশাপাশি এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও যোগ্য পরিচালক নিয়োগ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।
দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারে ব্যাংকভিত্তিক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনাও নেওয়া হয়েছে। এসব পরিকল্পনায় পুনর্মূলধনীকরণ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। আগামী চার বছরে পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
চার বছরে ব্যাংক খাতে কাঠামোগত পরিবর্তনের লক্ষ্য
দীর্ঘমেয়াদি সংস্কারের অংশ হিসেবে আমানত সুরক্ষাব্যবস্থা শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়া, ঋণ বিতরণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় নীতিগত ও কাঠামোগত সংস্কারের কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের আশা, আগামী চার বছরে এসব সংস্কার পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের ব্যাংক খাত আরও স্থিতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। এতে আর্থিক খাতের প্রতি মানুষের আস্থা বাড়বে। পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধিতে ব্যাংক খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।






