হাসপাতালে ডিজে সনিকা

হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি রাজধানীর বেসরকারি হাসপাতালে।
টুইট প্রতিবেদক: দেশের জনপ্রিয় নারী ডিজে মারজিয়া কবির সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর ভক্তদের জানান সনিকা। হাসপাতালের শয্যায় থাকা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঘর।” পোস্টে একটি সাদা হৃদয়ের প্রতীকও যুক্ত করেন তিনি।
তার এই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এদিকে গণমাধ্যমকর্মী ও পরিচিতজনদের ফোনকলের জবাব দিতে না পারায় আলাদা এক স্ট্যাটাসে দুঃখ প্রকাশ করেন সনিকা। তিনি জানান, শারীরিকভাবে দুর্বল থাকায় কারও সঙ্গে কথা বলতে পারছেন না। সুস্থ হয়ে খুব শিগগিরই সবার সঙ্গে যোগাযোগ করবেন বলেও আশ্বাস দেন।
বাংলাদেশের নারী ডিজেদের মধ্যে অন্যতম পরিচিত মুখ সনিকা। ২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন তিনি। স্বতন্ত্র পরিবেশনা ও প্রাণবন্ত মঞ্চ উপস্থিতির কারণে অল্প সময়েই তরুণদের মধ্যে জনপ্রিয়তা পান।
২০১১ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পান সনিকা। পরে ২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ‘শ্রেষ্ঠ বাংলাদেশি নারী ডিজে’ সম্মাননা অর্জন করেন।
শুধু ডিজেং নয়, গায়িকা হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ২০১৪ সালে প্রকাশিত তার প্রথম সংগীতচিত্র ‘ভাল্লাগে’ শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।






