প্রত্যুষার মৃত্যু: ১০ বছর পর রাহুল অব্যাহতি

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় মুম্বাই হাইকোর্টের রায়।

টুইট প্রতিবেদক: জনপ্রিয় ভারতীয় টেলিভিশন ধারাবাহিক ‘বালিকা বধূ’র আনন্দী চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রায় ১০ বছর পর মামলায় গুরুত্বপূর্ণ রায় এসেছে। তাঁর প্রেমিক অভিনেতা ও প্রযোজক রাহুল রাজ সিংকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন মুম্বাই হাইকোর্ট।

২০১৬ সালের ১ এপ্রিল মুম্বাইয়ের গোরেগাঁও পশ্চিমের ভাড়া বাসা থেকে প্রত্যুষার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তখন তাঁর বয়স ছিল মাত্র ২৪ বছর। পুলিশের তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে বিবেচনা করা হয়। এরপর প্রত্যুষার প্রেমিক রাহুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করা হয়।

প্রত্যুষার মা–বাবার অভিযোগ ছিল, রাহুল তাঁদের মেয়েকে মানসিকভাবে নির্যাতন করতেন। সেই নির্যাতনের কারণেই প্রত্যুষা আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন বলে তাঁরা দাবি করেন। দীর্ঘদিন ধরে তাঁরা এ ঘটনায় আইনি লড়াই চালিয়ে আসছিলেন।

মামলার নথি ও আদালতে উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে মুম্বাই হাইকোর্টের বিচারপতি এস জি ডিজে বলেন, রাহুলের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। ফলে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

আদালতে রাহুলের আইনজীবীরা উল্লেখ করেন, প্রত্যুষার কোনো আত্মহত্যার চিঠি পাওয়া যায়নি। মামলার এজাহারও তাড়াহুড়ো করে করা হয়েছিল বলে তাঁরা দাবি করেন। মামলার বিভিন্ন তথ্য ও যুক্তি পর্যালোচনার পর আদালত রাহুলের বিরুদ্ধে অভিযোগ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত ভিত্তি পাননি।

প্রত্যুষা ও রাহুলের শেষ দিকের কথোপকথনও আদালতের বিবেচনায় আসে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ওই কথোপকথন থেকে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে রাহুল প্রত্যুষাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিলেন। বরং কথোপকথনের এক পর্যায়ে রাহুল প্রত্যুষাকে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করেছিলেন বলে আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।

জামশেদপুরে জন্ম ও বেড়ে ওঠা প্রত্যুষা ২০১০ সালে ‘বালিকা বধূ’ ধারাবাহিকে আনন্দী চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। অল্প সময়ের মধ্যেই চরিত্রটি তাঁকে ভারতজুড়ে জনপ্রিয় করে তোলে। পরে ‘বিগ বস ৭’, ‘ঝলক দিখলা জা’সহ বিভিন্ন ধারাবাহিক ও বাস্তবভিত্তিক বিনোদন অনুষ্ঠানে দেখা যায় তাঁকে।

প্রত্যুষার আকস্মিক মৃত্যু ভারতের বিনোদন অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তাঁর মৃত্যুর পর মা বাবার জীবনও আমূল বদলে যায়। দীর্ঘ আইনি লড়াই চালাতে গিয়ে তাঁদের সঞ্চয়ের বড় অংশ ব্যয় হয়েছে এবং ধারও করতে হয়েছে বলে আগে জানিয়েছিলেন তাঁরা।

প্রত্যুষার মৃত্যুর প্রায় এক দশক পর মুম্বাই হাইকোর্টের এই রায়ের মধ্য দিয়ে রাহুল রাজ সিংয়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো।