রাবি রিসার্চ সোসাইটির ২য় আন্তর্জাতিক সম্মেলন শুরু

এআই ও টেকসই উন্নয়ন নিয়ে দুই দিনের সম্মেলনে ৩০০ নবীন গবেষক, উপস্থাপিত হবে ৭০ প্রবন্ধ ও ৬৮ পোস্টার।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহী ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি’ (আরইউআরএস)-এর দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘শেপিং দ্য ফিউচার থ্রু এআই অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও রাবি উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. আসলাম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. তারিকুল ইসলাম।

সম্মেলনের আহ্বায়ক তানজিম হাসান প্রাঙ্গনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের সচিব ফারজানা মাহতাব সুজানা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. আসলাম হোসেন বলেন, উচ্চশিক্ষা ও গবেষণাকে উৎসাহিত করতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। গবেষকদের এসব সুযোগ কাজে লাগিয়ে বিশেষ করে উদ্ভাবনী গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এআই ব্যবহার করে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগে—এমন উদ্ভাবন করতে হবে।

উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা ও উদ্ভাবনের জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের গবেষণাকে উৎসাহিত করতে গড়ে ওঠা রিসার্চ সোসাইটির এ আয়োজন প্রশংসনীয় ও অনুকরণীয়।

উপ-উপাচার্য অধ্যাপক মো. আব্দুল আলিম বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডের কেন্দ্রে রয়েছে উচ্চশিক্ষা ও গবেষণা। এআই যেমন নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে, তেমনি সৃষ্টি করেছে অবারিত সুযোগ। গবেষকদের সেই সুযোগ কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

উপ-উপাচার্য অধ্যাপক মামুনুর রশীদ বলেন, জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখার পারস্পরিক আলোচনার মাধ্যমে অর্থবহ গবেষণার বিকাশ ঘটে। বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে মানবিকবিদ্যা, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার সমন্বয়ের মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ও উদ্ভাবনী সমাধান তৈরি করা সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, বিভিন্ন অনুষদের অধিকর্তা, বিভাগীয় সভাপতি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মেলনের সহ-আহ্বায়ক মো. নাবিল বিন জাকির।

উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিরা সম্মেলন উপলক্ষে আয়োজিত বিভিন্ন গবেষণা ও উদ্ভাবন প্রদর্শনী পরিদর্শন করেন।

দুই দিনব্যাপী সম্মেলনে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে ৮টি সেশনে ৭০টি প্রবন্ধ এবং পৃথক ৮টি সেশনে ৬৮টি পোস্টার উপস্থাপনের কথা রয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ নবীন গবেষক অংশ নিচ্ছেন।