অগ্নিবীণায় নতুন প্রতিভা’

‘আয়োজনের ঘোষণা, সারা দেশ থেকে খোঁজা হবে তরুণ শিল্পী।
রাজধানীর বেঙ্গল ফাউন্ডেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ও সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক জানান, আগামী ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন শুরু হবে। চলবে ৩০ জুন পর্যন্ত। ১৫ থেকে ২৫ বছর বয়সী প্রতিযোগীরা এতে অংশ নিতে পারবেন।
আয়োজকদের ভাষ্য, বর্তমানে আধুনিক গানের চাপে নজরুলসংগীতচর্চা তুলনামূলকভাবে সীমিত হয়ে পড়ছে। সেই জায়গা থেকে তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ তৈরি এবং মঞ্চভিত্তিক পরিবেশনা সংস্কৃতি জোরদার করতেই এই আয়োজন। আট বিভাগ থেকে বাছাই করা প্রতিযোগীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ী পাবেন ২০ হাজার টাকার সম্মাননা, সনদ ক্রেস্ট। প্রথম ও দ্বিতীয় রানারআপের জন্যও থাকছে অর্থ পুরস্কার ও সম্মাননা স্মারক।
বিচারক প্যানেলে থাকছেন সংগীত ও নজরুলসংগীত অঙ্গনের একাধিক পরিচিত মুখ। তাঁদের মধ্যে রয়েছেন অধ্যাপক অসিত রায়, নজরুলসংগীতশিল্পী ইয়াসমিন মুশতারী, সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপসহ আরও অনেকে। নির্বাচন প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সুমন চৌধুরী।
সংবাদ সম্মেলনের শুরুতে প্রয়াত সংগীতশিল্পী ডালিয়া নওশীন–কে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংগঠনের শিল্পীরা নজরুলসংগীত পরিবেশন করেন।






