সুরের পাঁচ জাদুকরকে শ্রদ্ধা

শিল্পকলা একাডেমির আয়োজনে স্মরণ করা হলো বুলবুল, আইয়ুব বাচ্চু, আজম খান, লাকী আখান্দ ও শাফিন আহমেদকে।
টুইট ডেস্ক: বাংলাদেশের সংগীতাঙ্গনের পাঁচ কিংবদন্তিকে গানে গানে স্মরণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের অংশ হিসেবে সোমবার (১৮ মে) দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
১০ দিনব্যাপী এ কর্মসূচিতে মোট ৪৫ জন গুণিজনকে স্মরণ করা হচ্ছে। রাজধানীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগীত, স্মৃতিচারণ ও আলোচনার মধ্য দিয়ে তুলে ধরা হয় দেশের সংগীত জগতের পাঁচ উজ্জ্বল নক্ষত্রের অবদান।
বিকেল ৪টায় প্রথম পর্বে স্মরণ করা হয় কিংবদন্তি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলকে।
স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া এই সংগীতস্রষ্টা বাংলা গানে সৃষ্টি করেছেন অসংখ্য কালজয়ী গান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মাকসুদা খন্দকার। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন তাঁর সন্তান সামির ইমতিয়াজ। সংগীত পরিবেশন করেন শিল্পী শিলা দেবী ও রিমি কর।
বিকেল ৫টায় স্মরণ করা হয় বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম কিংবদন্তি আইয়ুব বাচ্চু-কে। জনপ্রিয় ব্যান্ড এল আর বি-এর প্রতিষ্ঠাতা হিসেবে তিনি দেশের রক সংগীতকে নতুন উচ্চতায় নিয়ে যান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মো. খালিদ হোসেন। শিল্পীর সহধর্মিণী ফেরদৌস আক্তার স্মৃতিচারণ করেন। সংগীত পরিবেশন করেন শিল্পী পলাশ ও সোহানুর রহমান।
সন্ধ্যা ৬টায় স্মরণ করা হয় বাংলা পপ সংগীতের পথিকৃৎ আজম খান-কে। মুক্তিযোদ্ধা, সংগীতশিল্পী ও অভিনেতা হিসেবে বহুমাত্রিক পরিচয়ের এই শিল্পী বাংলা পপ ও রক সংগীতে নতুন ধারা তৈরি করেছিলেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন তাঁর সন্তান আরমান খান। সংগীত পরিবেশন করেন আরমান খান ও আব্দুল্লাহেল রাফি তালুকদার।
সন্ধ্যা ৭টায় শ্রদ্ধাভরে স্মরণ করা হয় প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক লাকী আখান্দ-কে। তাঁর সুরে ও সংগীতায়োজনে সৃষ্টি হয়েছে বহু জনপ্রিয় গান। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন গোলাম মোর্শেদ। সংগীত পরিবেশন করেন আলী সুমন ও ফাহাল হোসাইন অন্তু।
দিনের শেষ পর্বে রাত ৮টায় স্মরণ করা হয় শাফিন আহমেদ-কে। জনপ্রিয় ব্যান্ড মাইলস-এর প্রধান কণ্ঠশিল্পী ও বেজ গিটারিস্ট হিসেবে তিনি বাংলা ব্যান্ড সংগীতে বিশেষ অবদান রেখে গেছেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন তাঁর সহোদর হামিন আহমেদ। সংগীত পরিবেশন করেন হামিন আহমেদ ও অন্তরা রহমান।
সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা মনে করছেন, এমন আয়োজন নতুন প্রজন্মের কাছে দেশের সংগীত ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






