হকিতে কোটি টাকার পৃষ্ঠপোষকতা

নারী দলের সাফল্যের পর অ-১৮ এশিয়া কাপকে ঘিরে নতুন আশাবাদ।

টুইট প্রতিবেদক: বাংলাদেশ হকিতে দীর্ঘদিনের আর্থিক সংকটের মাঝেই বড় সুখবর এসেছে। দেশের নারী হকি দলের সাম্প্রতিক আন্তর্জাতিক সাফল্যের ধারাবাহিকতায় এবার হকিতে যুক্ত হয়েছে কোটি টাকার পৃষ্ঠপোষকতা। দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান Epyllion Group বাংলাদেশ হকি ফেডারেশনকে এক কোটি টাকা সহায়তা দিচ্ছে।

সম্প্রতি ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমস বাছাই পর্বে রানার্সআপ হয়েছে বাংলাদেশ নারী হকি দল। শীর্ষ ছয়ের মধ্যে জায়গা করে নেওয়ায় আগামী সেপ্টেম্বরে প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলবে বাংলাদেশের নারীরা। ঐতিহাসিক এই অর্জনের পরই হকিতে নতুন করে আগ্রহ দেখাতে শুরু করেছে করপোরেট প্রতিষ্ঠানগুলো।

শনিবার বিকেলে বাংলদেশে হকি ফেডারেশন ও Epyllion Group–এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এই অর্থ ব্যয় হবে জাপানে অনুষ্ঠেয় অ-১৮ এশিয়া কাপে অংশ নিতে যাওয়া বাংলাদেশ নারী ও পুরুষ দলের প্রস্তুতি ও সফর ব্যয়ে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মে দুই দল জাপানের উদ্দেশ্যে রওনা দেবে। তিনি বলেন, এই টুর্নামেন্টে মোট ব্যয়ের প্রায় ৪৫ শতাংশ বহন করবে নতুন এই পৃষ্ঠপোষকতা। বাকি অর্থ সংগ্রহে কাজ করছে ফেডারেশন।

অন্যদিকে সাদেকুজ্জামান খান বলেন, দেশের ক্রীড়াঙ্গনের বিকাশে কাজ করাই তাদের লক্ষ্য। ফুটবল, ক্রিকেট ও কাবাডির পর এবার হকিতেও যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে তৃণমূল পর্যায়ের খেলোয়াড় গড়ে তোলার দিকেই তাদের বেশি মনোযোগ।

তিনি বলেন, “আজ যারা অ-১৮ দলে খেলছে, তারাই ভবিষ্যতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে। তাই আমরা শুধু একটি টুর্নামেন্ট নয়, দীর্ঘমেয়াদে হকির উন্নয়ন সহযোগী হতে চাই।”

বাংলাদেশ নারী হকির সঙ্গে ইতোমধ্যে উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করছে ব্রাক ব্যাংক। এজন্য হকি ফেডারেশন চাইছে, Epyllion Group পুরুষ হকির উন্নয়ন কার্যক্রমে আরও গভীরভাবে সম্পৃক্ত হোক।

উল্লেখযোগ্য বিষয় হলো, ইপিলিয়ন গ্রুপের কর্ণধার রিয়াজ উদ্দিন আল মামুন দীর্ঘদিন ধরেই দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত। অতীতে তিনি ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন এবং বিভিন্ন খেলায় পৃষ্ঠপোষকতা করেছেন। ২০১৫ সালে অ-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপেও স্পন্সর করেছিল তাদের প্রতিষ্ঠান। সেই টুর্নামেন্ট থেকেই পরবর্তীতে দেশের বয়সভিত্তিক ফুটবলে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসে।

বাংলাদেশ হকির জন্য এই পৃষ্ঠপোষকতা শুধু আর্থিক সহায়তা নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সাফল্যের সম্ভাবনাকেও আরও শক্তিশালী করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।