কারিনা কায়সারের না ফেরার দেশে যাত্রা

লিভার জটিলতায় চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু।

টুইট প্রতিবেদক: বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা গেছেন। লিভারজনিত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

ফেসবুক পোস্টে কায়সার হামিদ গভীর শোক প্রকাশ করে লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে চলে গেছে।”

তিনি আরও জানান, জীবদ্দশায় কারিনা যদি কারও মনে কষ্ট দিয়ে থাকেন, তাহলে সবাই যেন তাকে ক্ষমা করে দেন। একই সঙ্গে এই কঠিন সময়ে যারা পরিবারের পাশে দাঁড়িয়েছেন, দোয়া ও সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় চিকিৎসাধীন থাকলেও শেষ পর্যন্ত তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাণের মাধ্যমে পরিচিতি পাওয়া কারিনা কায়সার পরবর্তীতে অভিনয় ও চিত্রনাট্য রচনাতেও যুক্ত হন। তার অভিনীত আলোচিত কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। তরুণ প্রজন্মের কাছে তিনি ছিলেন পরিচিত ও জনপ্রিয় এক মুখ।

তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত, সহকর্মী ও বিভিন্ন অঙ্গনের মানুষ তার অকাল প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।