ইলিশের পর চিংড়ি শুঁটকিতে জমজমাট গহিরার অর্থনীতি

প্রতিদিন শুকানো হচ্ছে ৪০-৫০ মণ চিংড়ি, কর্মসংস্থান ২০০-৩০০ মানুষের।
টুইট প্রতিবেদক: বর্ষা মৌসুমে ইলিশের জন্য পরিচিত চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা উপকূলে শীতের শুরুতেই শুরু হয়েছে চিংড়ি শুঁটকি তৈরির ব্যস্ততা। ইলিশের মৌসুম শেষ হওয়ার পর চিংড়ি আহরণ, শুকানো, বাছাই ও বাজারজাতকরণ ঘিরে নতুন করে প্রাণ ফিরেছে উপকূলের অর্থনীতিতে। এই মৌসুমি কর্মকাণ্ডে কর্মসংস্থান হচ্ছে কয়েক শ জেলে ও শ্রমজীবী মানুষের।
গহিরার বাইগ্যার ঘাট থেকে বার আউলিয়া ঘাট পর্যন্ত বিস্তীর্ণ উপকূলজুড়ে চলছে চিংড়ি শুঁটকি তৈরির কাজ। সাগর থেকে মাছবোঝাই নৌকা ঘাটে ভিড়লেই শুরু হয় চিংড়ি নামানো, রোদে ছড়িয়ে দেওয়া ও বাছাইয়ের কাজ। প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ মণ কাঁচা চিংড়ি শুকিয়ে শুঁটকি তৈরি করা হচ্ছে। এ কাজে সরাসরি যুক্ত রয়েছেন প্রায় ২০০ থেকে ৩০০ শ্রমিক।
জেলেরা জানান, সকালে রোদে শুকাতে দেওয়া চিংড়ি অনুকূল আবহাওয়ায় তিন থেকে চার ঘণ্টার মধ্যেই শুঁটকিতে পরিণত হয়। পরে আকার অনুযায়ী বড়, মাঝারি ও ছোট—এই তিন ভাগে বাছাই করে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। তবে উৎপাদনের গতি অনেকটাই নির্ভর করে রোদ ও আবহাওয়ার ওপর।
শুঁটকি মাঝি বেলাল উদ্দীন জানান, ইলিশের মৌসুম শেষ হলে তাঁদের কাজের ধরন বদলে যায়। শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চিংড়ি শুঁটকি তৈরির কাজ শুরু করেন তাঁরা। তাঁর ভাষ্য, একটি উৎপাদনকেন্দ্রে বর্তমানে ২৩ জন শ্রমিক কাজ করছেন। এই কাজের আয় দিয়েই অনেক জেলে ও শ্রমিকের সংসার চলে।
চিংড়ির আকার ও মান অনুযায়ী নির্ধারিত হচ্ছে শুঁটকির দাম। বর্তমানে বড় আকারের চিংড়ি শুঁটকি প্রতি কেজি প্রায় ৬০০ টাকা, মাঝারি ৪০০ টাকা এবং ছোট আকারেরটি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মান ও বাজার পরিস্থিতি অনুযায়ী দামের পরিবর্তন হয়।
গহিরার চিংড়ি শুঁটকির অন্যতম বড় বাজার চট্টগ্রাম নগরের আসাদগঞ্জ। উপকূল থেকে সংগ্রহ করা শুঁটকি বিকেলের দিকে পিকআপে করে সেখানে নেওয়া হয়। পরে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, দেশের বাজারের পাশাপাশি এসব শুঁটকি বিদেশেও রপ্তানি হচ্ছে।
মাছের কারবারি হেমন্ত জলদাশ বলেন, গহিরায় সারা বছর মাছের ব্যবসা চলে। তবে শীত মৌসুমে চিংড়ি শুঁটকির ব্যবসা বিশেষভাবে জমে ওঠে। ভালো মানের শুঁটকির চাহিদা থাকায় জেলে, শ্রমিক ও ব্যবসায়ীরা এ কার্যক্রম থেকে উপকৃত হচ্ছেন।
চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, সামুদ্রিক চিংড়ি আহরণ ও শুঁটকি প্রক্রিয়াজাতকরণ উপকূলীয় জেলেদের কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে উৎপাদনের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পদ্ধতি অনুসরণ, রাসায়নিকের ব্যবহার পরিহার এবং সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে হবে। শুঁটকির মান বজায় রাখা গেলে স্থানীয় বাজারের পাশাপাশি রপ্তানির সম্ভাবনাও বাড়বে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুনা সাহার মতে, গহিরার চিংড়ি শুঁটকি উৎপাদন কেবল মৌসুমি পেশা নয়, এটি স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন ৪০ থেকে ৫০ মণ চিংড়ি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে জেলে, শ্রমিক, পরিবহনকর্মী ও পাইকারি ব্যবসায়ীদের মধ্যে অর্থনৈতিক সংযোগ তৈরি হচ্ছে।
তিনি বলেন, শুঁটকি সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসম্মত প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে সরকারি-বেসরকারি উদ্যোগ নেওয়া গেলে এ খাতের সম্ভাবনা আরও বাড়বে। পাশাপাশি উৎপাদকদের ন্যায্যমূল্য নিশ্চিত করাও জরুরি।
তবে এ মৌসুমি অর্থনীতির সামনে রয়েছে কিছু চ্যালেঞ্জ। চিংড়ির প্রাপ্যতা, সাগরের পরিস্থিতি ও আবহাওয়ার ওপর উৎপাদন নির্ভরশীল। টানা বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ায় শুঁটকি তৈরির কাজ ব্যাহত হলে শ্রমিকদের কর্মসংস্থান ও জেলেদের আয় কমে যায়। এ ছাড়া উৎপাদন খরচ ও পাইকারি বাজারের দামের ওঠানামাও ব্যবসায়ীদের লাভের ওপর প্রভাব ফেলে।
সব মিলিয়ে ইলিশের মৌসুম শেষে চিংড়ি শুঁটকিকে কেন্দ্র করে গহিরা উপকূলে গড়ে উঠেছে বিকল্প কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন পরিসর। সঠিক পরিকল্পনা, মানসম্মত উৎপাদন এবং বাজার সম্প্রসারণ নিশ্চিত করা গেলে এই মৌসুমি শিল্প উপকূলীয় মানুষের জীবিকা ও স্থানীয় অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারে।






