রাজশাহীতে ১৫০ সুবিধাবঞ্চিত শিশুর হাতে শীতবস্ত্র তুলে দিলেন ডিসি

শিশু বিকাশ কেন্দ্রে কম্বল ও সোয়েটার বিতরণ; শিশুদের স্বপ্ন দেখতে এবং মেধা-শ্রম দিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জেলা প্রশাসকের।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীতে ১৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণ করেছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

রোববার (২৯ নভেম্বর) নগরীর তেরখাদিয়ায় বাংলাদেশ শিশু একাডেমি পরিচালিত রাজশাহী শিশু বিকাশ কেন্দ্রে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতিটি শিশুকে একটি করে কম্বল ও সোয়েটার উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম শিশুদের উদ্দেশে বলেন, স্বপ্ন দেখতে হবে এবং মেধা ও শ্রম দিয়ে সেই স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে। এ কেন্দ্র থেকে ইতোমধ্যে অনেকে সফলতার স্বাক্ষর রেখেছে। তোমরাও পারবে।

তিনি বলেন, শিশুদের সুন্দরভাবে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। তাদের মেধার বিকাশে সরকার সচেষ্ট, আমরাও তাদের পাশে আছি। শিশুদের মেধা ও শ্রমের মাধ্যমে সাফল্য অর্জিত হলে তাদের স্বপ্ন পূরণ হবে, দেশও আরও সুন্দর হবে।

এ সময় শিশুদের আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনার প্রশংসা করেন জেলা প্রশাসক। জাতীয় দিবসগুলোতে তাদের প্যারেডসহ বিভিন্ন কার্যক্রমের মান নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুরুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষক রাকিবুল আলম সার্বিক তত্ত্বাবধান করেন। এ সময় শিশু একাডেমি পরিচালনা কমিটির সদস্য সুজাউদ্দিন ছোটন ও সেলিম রেজা, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী শিশু বিকাশ কেন্দ্রের ১৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।