আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্বাধীনতা দিবসে হাজারো মানুষের সমাবেশ, জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ।
টুইট প্রতিবেদক: ইউরোপের বলকান অঞ্চলের দেশ আলবেনিয়ায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। স্বাধীনতা দিবসের দিন শনিবার (২৮ নভেম্বর) রাজধানী তিরানায় হাজারো মানুষ রাজপথে নেমে এলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। একপর্যায়ে পুলিশের লক্ষ্য করে পাথর ও পেট্রলবোমা নিক্ষেপ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ব্যবহার করে।
মুখোশ পরা একদল বিক্ষোভকারী সরকারি ভবনে পাথর নিক্ষেপ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের বাধায় তারা সামনে অগ্রসর হতে পারেননি।
সরকারের বিরুদ্ধে দুর্নীতি, কর্মসংস্থানের সংকট, শিক্ষার নিম্নমান এবং দুর্বল স্বাস্থ্যসেবার অভিযোগে দেশটিতে জনঅসন্তোষ বাড়ছে। গত অক্টোবরের মাঝামাঝি তিরানায় শুরু হওয়া বিক্ষোভ পরে অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে।
বিক্ষোভে অংশ নেওয়া ৪৫ বছর বয়সী প্রকৌশলী এরালদা বাজে বলেন, দুর্নীতি, দারিদ্র্য এবং নাগরিকদের দেশত্যাগের প্রবণতা আর মেনে নেওয়া সম্ভব নয়। অন্য আন্দোলনকারীরাও উন্নত জীবনমান ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবি জানান।
এর আগে গত গ্রীষ্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সমর্থনপুষ্ট একটি বিলাসবহুল উপকূলীয় উন্নয়ন প্রকল্পের বিরোধিতা করে আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ রামা সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
প্রধানমন্ত্রী এদি রামা তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। একই সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি শান্ত করতে কম দামে জ্বালানি সরবরাহ এবং দরিদ্র পরিবারগুলোর আর্থিক সহায়তা বাড়ানোর উদ্যোগও নিয়েছে সরকার।
২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা এদি রামা গত বছর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার দৌড়ে আলবেনিয়া বলকান অঞ্চলের অগ্রসর দেশগুলোর একটি। ২০৩০ সালের মধ্যে জোটটির সদস্য হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি।
তবে দুর্নীতির অভিযোগ ও চলমান রাজনৈতিক অস্থিরতা আলবেনিয়ার ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সূত্র: রয়টার্স






