নতুন মজুরিতে কাজে ফিরেছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা

প্রায় এক মাসের আন্দোলনের পর শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য। শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খুলেছে বন্ধ কারখানাগুলো, কোথাও বিক্ষোভ বা সড়ক অবরোধের খবর নেই।
টুইট ডেস্ক : বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিনের আন্দোলন শেষে নতুন মজুরি মেনে কাজে ফিরেছেন গাজীপুরের পোশাকশ্রমিকেরা। শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকার কারখানায় শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।
সকাল সাড়ে ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ি, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলনে উত্তপ্ত ছিল গাজীপুরের শিল্পাঞ্চল। এতে জেলার প্রায় ৭০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। শ্রমিকদের বিক্ষোভের কারণে প্রতিদিন অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হতো। তবে মজুরি বোর্ডের ঘোষিত নতুন মজুরি মেনে নিয়ে শ্রমিকেরা কাজে ফিরেছেন। বন্ধ থাকা কারখানাগুলোও শনিবার থেকে খুলে দেওয়া হয়েছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ৯টা পর্যন্ত জেলার কোথাও আন্দোলন, বিক্ষোভ কিংবা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।
পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান ও মিনা আক্তার বলেন, নতুন মজুরিতে তাঁরা খুশি। আর কোনো আন্দোলন চান না। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁরা বলেন, এখন আনন্দের সঙ্গে কাজ করতে চান।
পোশাকশ্রমিক রাহিমা ও ইতি আক্তার জানান, আগের বেতনে সংসারের খরচ চালানো কঠিন ছিল। বাড়িভাড়া ও নিত্যপণ্যের দাম বেশি হওয়ায় তাঁদের ভোগান্তিতে পড়তে হতো। নতুন মজুরিতে তাঁরা স্বস্তি বোধ করছেন।
কালিয়াকৈরের মৌচাক এলাকার সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান বলেন, শ্রমিকেরা আন্দোলন থেকে সরে এসে আনন্দের সঙ্গে কাজে যোগ দিচ্ছেন। সরকারের নির্ধারিত মজুরিতে তাঁরা সন্তুষ্ট। কারখানার উৎপাদন স্বাভাবিক থাকলে মালিক ও শ্রমিক উভয় পক্ষই উপকৃত হবে এবং দেশের পোশাকশিল্প এগিয়ে যাবে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকেরা কাজে মনোযোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রাখা হয়েছে।






