খেজুরের রস ছাড়াই শত শত মণ গুড়! রাজশাহীতে রং-রাসায়নিকের কারবার

চারঘাট, বাঘা ও পুঠিয়ায় দেড় শতাধিক কারখানায় ভেজাল গুড় তৈরির অভিযোগ; কমছে খাঁটি গুড়ের বাজার, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

রাজশাহী প্রতিনিধি: খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে শত শত মণ খেজুরের গুড়। চিনিকলের চিটাগুড়, অপরিশোধিত চিনি, আটা, কাপড়ের রং, বিভিন্ন রাসায়নিক পদার্থ ও কৃত্রিম ফ্লেভার মিশিয়ে রাতারাতি তৈরি করা হচ্ছে এসব গুড়। রাজশাহীর চারঘাট, বাঘা ও পুঠিয়া উপজেলায় দেড় শতাধিক কারখানায় চলছে এমন ভেজাল গুড় তৈরির কারবার বলে অভিযোগ উঠেছে। এসব কারখানায় উৎপাদিত গুড় ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন বাজারে।

এতে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। একই সঙ্গে হুমকির মুখে পড়েছে রাজশাহীর ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের সুনাম। অননুমোদিত রাসায়নিক মেশানো এসব গুড় জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন মাঝেমধ্যে অভিযান চালিয়ে জরিমানা করলেও বন্ধ হচ্ছে না ভেজাল গুড় তৈরির কারখানা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শীত মৌসুম শুরু হলেই একশ্রেণির মৌসুমি ব্যবসায়ী কারিগর ভাড়া করে এসব কারখানা চালু করেন। প্রতিটি কারখানায় রাতারাতি তৈরি করা হয় ২০০ থেকে ৩০০ কেজি গুড়। চারঘাটের মেরামতপুর, কাঁকড়ামারী, বাসুদেবপুর, রায়পুর ও ডাকরা; বাঘার আড়ানী, রুস্তুমপুর, বাউসা ও মনিগ্রাম এবং পুঠিয়ার বানেশ্বর, জিউপাড়া, বেলপুকুর ও ঝলমলিয়া এলাকায় এ ধরনের কারখানার বিস্তার ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

গত ১৫ নভেম্বর বাঘার পীরগাছা গ্রামে এবং ১৩ নভেম্বর রুস্তমপুর গ্রামে অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে দুই ব্যবসায়ীকে মোট দুই লাখ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। এর আগে চারঘাটের মেরামতপুর এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ভেজাল গুড় তৈরির রাসায়নিক উপাদানও ধ্বংস করা হয়।

খেজুরগাছ কমছে, বাড়ছে গুড়ের উৎপাদন

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় খেজুরগাছ রয়েছে ১১ লাখ ৮ হাজার ১৮টি। এর মধ্যে চারঘাটে ১ লাখ ৮০ হাজার ২৭৫টি, পুঠিয়ায় ৫ লাখ ৮ হাজার ১৮টি এবং বাঘায় ১ লাখ ২০ হাজার ৫১২টি। অর্থাৎ জেলার প্রায় তিন-চতুর্থাংশ খেজুরগাছ রয়েছে এই তিন উপজেলায়। তবে প্রতিবছরই জেলায় খেজুরগাছের সংখ্যা কমছে।

অন্যদিকে গাছের সংখ্যা কমলেও গুড়ের উৎপাদন ও বাজারজাত অস্বাভাবিকভাবে বাড়ছে। তিন উপজেলাসংলগ্ন পুঠিয়ার বানেশ্বর বাজার রাজশাহীর অন্যতম বড় খেজুরের গুড়ের হাট। প্রতিদিন এ হাটে প্রায় ১০০ থেকে ১১০ টন গুড় আসে। সপ্তাহে দুদিন বড় হাটের দিনে এই পরিমাণ দাঁড়ায় ১২০ থেকে ১৫০ টনে। এ ছাড়া চারঘাটের বাঁকড়া ও নন্দনগাছী, বাঘার বিনোদপুর, মনিগ্রাম ও আড়ানী এবং পুঠিয়ার ঝলমলিয়া হাটেও প্রতিদিন বিপুল পরিমাণ গুড় কেনাবেচা হয়। ভোর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভ্যান, নসিমনসহ নানা যানবাহনে এসব গুড় হাটে আনা হয়।

যেভাবে তৈরি হচ্ছে ভেজাল গুড়

সরেজমিন চারঘাট, বাঘা ও পুঠিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক জায়গায় প্রকাশ্যেই চলছে ভেজাল গুড় তৈরির কারবার। টিনের বড় কড়াইয়ে প্রথমে ভারতীয় অপরিশোধিত চিনি ও চিনিকলের চিটাগুড় জ্বাল দেওয়া হয়। কিছুক্ষণ পর তাতে মেশানো হয় আটা, খেজুরের গুড়ের নির্যাস, হোটেলের মিষ্টির ঝোল, রং ও বিভিন্ন রাসায়নিক পদার্থ। পরে নির্দিষ্ট প্রক্রিয়ায় ঠান্ডা করে তৈরি করা হয় খেজুরের গুড় নামে বিক্রির উপযোগী পণ্য। অথচ এসব গুড়ে খেজুরের রসের কোনো অস্তিত্বই থাকে না।

প্রকৃত খেজুরের গুড় তৈরির সঙ্গে যুক্ত কারিগররা জানান, প্রাকৃতিক নানা কারণে আগের মতো খেজুরগাছে রস পাওয়া যাচ্ছে না। রসের পরিমাণ কমে যাওয়ায় খাঁটি গুড় উৎপাদনও কঠিন হয়ে পড়েছে। উৎপাদন বাড়াতে কোনো কোনো চাষি রসের সঙ্গে সামান্য চিনি মিশিয়ে গুড় তৈরি করছেন। এতে খেজুরের গুড়ের স্বাদ কিছুটা বজায় থাকে। এসব গুড় অনলাইন বিক্রেতারা কেজিপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা দরে কিনে বাজারজাত করেন। অন্যদিকে রাসায়নিক উপাদান দিয়ে তৈরি গুড় বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০ থেকে ১৩০ টাকায়।

চারঘাটের রাওথা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘ভেজাল গুড়ে রাসায়নিক ফ্লেভার মেশানোর কারণে আসল গুড়ের চেয়ে ঘ্রাণ বেশি হয়। অথচ আসল গুড় তৈরি করা অনেক কষ্টের কাজ। বড় আড়তদাররা কারখানার মালিকদের অগ্রিম টাকা দিয়ে শত শত মণ রাসায়নিক গুড় তৈরি করাচ্ছেন। এ কারণে বাজার থেকে প্রকৃত খেজুরের গুড় হারিয়ে যেতে বসেছে।’

বাঘার মীরগঞ্জ এলাকার খেজুরগাছি রফিকুল ইসলাম বলেন, ‘খেজুরের গুড়ের সেই স্বাদ ও গন্ধ এখন আর নেই। কারখানাগুলোর সঙ্গে পাল্লা দিয়ে আমরা টিকে থাকতে পারছি না। আমরা ১০ কেজি গুড় তৈরি করতেই ক্লান্ত হয়ে পড়ি। অথচ তারা প্রতিদিন ৫ থেকে ১০ মণ গুড় তৈরি করছে। প্রশাসন অভিযান চালালেও পরদিন আবার কারখানা চালু হয়। আমরা যতটুকু গুড় তৈরি করি, অনলাইন বিক্রেতারা বাড়ি থেকে এসে তা কিনে নিয়ে যান।’

ভেজাল গুড়ে হারাচ্ছে রাজশাহীর সুনাম

অনলাইনে অর্গানিক গুড় বিক্রেতা ওবাইদুর রহমান রিগেন বলেন, ‘গত সাত বছর ধরে অনলাইনে গুড় বিক্রি করছি। আগে রাজশাহীর নাম শুনলেই ক্রেতারা গুড় কিনতে আগ্রহ দেখাতেন। এখন ভেজাল গুড়ের কারণে প্রতারিত হয়ে অনেকেই আগ্রহ হারিয়েছেন। আমরা চাষিদের সঙ্গে চুক্তি করে প্রকৃত খেজুরের রস থেকে গুড় তৈরি করিয়ে ক্রেতাদের কাছে পৌঁছে দিই। কিন্তু বাজারের ভেজাল গুড়ের সঙ্গে দামের পার্থক্য থাকায় অনেক ক্রেতা আসল গুড় কিনতে চান না।’

পুঠিয়ার বানেশ্বর বাজারের পাইকারি গুড় ব্যবসায়ী মাসুদ রানা বলেন, ‘আমরা পাইকারি দামে গুড় কিনে দেশের বিভিন্ন প্রান্তে পাঠাই। কিন্তু অনিয়ন্ত্রিতভাবে ভেজাল গুড় তৈরি হওয়ায় রাজশাহীর কোটি কোটি টাকার গুড়ের ব্যবসা এখন ক্ষতির মুখে। বাধ্য হয়ে আমরাও কিছু কারখানার মালিকের সঙ্গে চুক্তি করেছি। তারা কম দামে গুড় সরবরাহ করেন। তবে কী দিয়ে এসব গুড় তৈরি হচ্ছে, তা জানি না। এভাবে ভেজাল চলতে থাকলে রাজধানীসহ দেশের বড় বাজারগুলোতে রাজশাহীর গুড়ের গ্রহণযোগ্যতা থাকবে না।’

স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

চারঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিক রেজা বলেন, গুড়ের সঙ্গে কোনো ধরনের অননুমোদিত উপাদান মেশানো ঠিক নয়। রাসায়নিক মিশ্রিত গুড় খেলে আলসার, ডায়রিয়া, কলেরাসহ পেটের নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শিশুদের খাবারে এ ধরনের গুড় ব্যবহার করা হলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদে ক্ষতিকর উপাদানের সংস্পর্শে কিডনি, হৃদ্‌যন্ত্র ও লিভারসহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন, খেজুরগাছের সংখ্যা কমলেও গুড়ের উৎপাদন বেড়েছে। বিভিন্ন কারখানায় নিম্নমানের সাদা ও লাল রঙের অপরিশোধিত চিনি এবং চিটাগুড় মেশানো হচ্ছে। এতে গুড়ের গুণগত মান নষ্ট হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত খেজুরের গুড় উৎপাদনকারীরা। এভাবে চলতে থাকলে এ অঞ্চলের খেজুরের গুড়ের ঐতিহ্য ও সুনাম নষ্ট হয়ে যাবে।

অভিযান অব্যাহত রাখার আশ্বাস

বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন, ‘কারখানাগুলোতে খেজুরের গুড় তৈরি করা হচ্ছে, অথচ তাতে এক ফোঁটা খেজুরের রসও নেই। অভিযান চালিয়ে কারখানা ধ্বংস করা হয়েছে। জরিমানা আদায়ের পাশাপাশি জব্দ করা গুড়ও ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় খেজুরের গুড়ে ভেজাল মেশানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সংসদ সদস্যও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে বলেছেন। এ বিষয়ে প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

স্থানীয় কৃষক, গাছি ও ব্যবসায়ীদের আশঙ্কা, এখনই ভেজাল গুড় তৈরির কারখানাগুলো নিয়ন্ত্রণ করা না গেলে রাজশাহীর ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের বাজার ও সুনাম হারিয়ে যাবে। একই সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে প্রকৃত উৎপাদকরা এ পেশা ছেড়ে দিতে বাধ্য হবেন। তাই শুধু জরিমানা নয়, ভেজাল গুড় তৈরির উৎস, কাঁচামাল সরবরাহকারী, কারখানার মালিক ও বাজারজাতকারীদের শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।