গোপালগঞ্জে সব নাগরিক সুবিধা চালুর আহ্বান আসিফ নজরুলের

কয়েকজনের অপরাধে পুরো জেলার মানুষকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক উল্লেখ করে অবিলম্বে সব নাগরিক সেবা পুনরায় চালুর দাবি জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা।
টুইট ডেস্ক : গোপালগঞ্জের কয়েকজন দুর্বৃত্তের কর্মকাণ্ডের দায় পুরো জেলার মানুষের ওপর চাপানো যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি জেলাটিতে অবিলম্বে সব ধরনের নাগরিক সুবিধা পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে আসিফ নজরুল লেখেন, গোপালগঞ্জে কিছু দুর্বৃত্ত রয়েছে, এতে সন্দেহ নেই। নৈরাজ্য ঠেকাতে আইন অনুযায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। তবে কয়েকজনের অপরাধের জন্য গোপালগঞ্জের সব মানুষকে শাস্তি দেওয়া বা সমষ্টিগত শাস্তি চাপিয়ে দেওয়া অমানবিক ও বিপজ্জনক চিন্তা।
তিনি বলেন, গোপালগঞ্জে অবিলম্বে সব নাগরিক সুবিধা পুনরায় চালু করতে হবে।
আসিফ নজরুল আরও লেখেন, শেখ হাসিনার শাসনামলে দেশের কিছু অঞ্চলের মানুষ বিভিন্নভাবে সমষ্টিগত শাস্তির শিকার হয়েছিলেন। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
কোনো অবস্থাতেই শেখ হাসিনার শাসনামলের ভয়াবহ চিন্তাধারার অনুসারী হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন সাবেক এই আইন উপদেষ্টা।






