তুরাগ নদে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

বরশি দিয়ে মাছ ধরার সময় পানিতে পড়ে যান ২৮ বছর বয়সী হাসান, উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

টুইট প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে মো. হাসান (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মাছ ধরার সময় নদে পড়ে যাওয়ার পর থেকে তাঁর সন্ধান পাওয়া যায়নি।

বিকেল ৪টার দিকে উপজেলার বাশতলী প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। হাসান গত পাঁচ দিন ধরে ওই এলাকায় আরএফএল গ্রুপের একটি নির্মাণস্থলে সড়ক রোলার চালক হিসেবে কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে নদে বরশি দিয়ে মাছ ধরছিলেন হাসান। একপর্যায়ে হঠাৎ পানিতে পড়ে গিয়ে চিৎকার শুরু করেন তিনি। তাঁর চিৎকার শুনে সহকর্মীরা ছুটে এসে উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি।

পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।

এদিকে নিখোঁজ হাসানের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর সন্ধানে উদ্ধার তৎপরতা চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।