তিন পার্বত্য জেলার মন্ত্রী-সাংসদদের এক মঞ্চে মিলন, খাগড়াছড়িতে বুদ্ধধাতু বোগোঃ জাদির ছাদ ঢালাই

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বুদ্ধমূর্তিদান, সংঘদান, পিণ্ডদানসহ নানা পূণ্যকর্মে অংশ নিলেন অতিথি ও পুণ্যার্থীরা

বান্দরবান প্রতিনিধি: তিন পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির মন্ত্রী-সাংসদদের উপস্থিতিতে খাগড়াছড়ি সদর উপজেলার সাতভাইয়া পাড়ায় বিশ্ব-শান্তি বুদ্ধধাতু বোগোঃ জাদির প্রথম ধাপের ছাদ ঢালাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ব-শান্তি বুদ্ধধাতু বোগোঃ জাদির ছাদ ঢালাই উপলক্ষে বুদ্ধমূর্তিদান, অষ্টপরিষ্কার দান, সংঘদান, পিণ্ডদান ও নানাবিধ বস্তুদানের মহতী পূণ্যানুষ্ঠান-২০২৬ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য সাচিং প্রু জেরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, রাঙ্গামাটির সংসদ সদস্য দিপেন দেওয়ান এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা।

অনুষ্ঠানে অতিথিরা বৌদ্ধ ভিক্ষু সংঘের সঙ্গে মতবিনিময় করেন এবং পুণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে লাল বেলুন উড়িয়ে বিশ্ব-শান্তি বুদ্ধধাতু বোগোঃ জাদির প্রথম ধাপের ছাদ ঢালাই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

তিন পার্বত্য জেলার প্রতিনিধিদের একই মঞ্চে উপস্থিতি অনুষ্ঠানটিকে মিলনমেলায় পরিণত করে। ধর্মীয় এই আয়োজন পাহাড়ে শান্তি, সম্প্রীতি, মানবতা ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেবে বলে প্রত্যাশা আয়োজকদের।

অনুষ্ঠানের আয়োজক বিশ্ব-শান্তি বুদ্ধধাতু বোগোঃ জাদি পরিচালনা কমিটি, সাতভাইয়া পাড়া, খাগড়াছড়ি।