মামলায় গ্রেপ্তার হয়ে বরখাস্ত, পরে সরকারি শিক্ষক পদে নিয়োগ

পুলিশ ক্লিয়ারেন্সে ফৌজদারি মামলার তথ্য, আগের চাকরির ইতিহাস ও নিয়োগপ্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন।
টুইট প্রতিবেদক: নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন মো. মাসুদ রানা। পরবর্তী সময়ে বরখাস্তের আদেশ প্রত্যাহার হলেও মামলাটির বিচারিক কার্যক্রম এখনো চলমান। এর মধ্যেই তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন। তাঁর নিয়োগপ্রক্রিয়া ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন।
মাসুদ রানা বর্তমানে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার মধুপুর খাঁপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তিনি উপজেলার ঘনিবিষ্ণুপুর এলাকার মো. সরিফুল ইসলাম ও লিলিজান বেগমের ছেলে।
প্রাপ্ত নথি অনুযায়ী, এক স্কুলশিক্ষিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা হয়। ২০২৪ সালের ২৭ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা ওই মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে একই বছরের ২৬ জুন বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) নিম্নমান সহকারী পদ থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। সরকারি কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯২-এর ৪১(৫) প্রবিধি অনুযায়ী জারি করা ওই আদেশে বিপিএটিসির পরিচালক (প্রশাসন) মোহাম্মদ রাজিবুল ইসলামের স্বাক্ষর ছিল।
পরবর্তী সময়ে তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়। তবে সংশ্লিষ্ট ফৌজদারি মামলার বিচারিক কার্যক্রম এখনো শেষ হয়নি। মামলাটি ঠাকুরগাঁও আদালতে বিচারাধীন।
নিয়োগ নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে পুলিশ ক্লিয়ারেন্স সনদকে কেন্দ্র করে। ঠাকুরগাঁও জেলা পুলিশের ইস্যু করা ওই সনদে মাসুদ রানার বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকার তথ্য উল্লেখ রয়েছে। অর্থাৎ নতুন চাকরিতে যোগদানের আগেই তাঁর বিরুদ্ধে মামলার বিষয়টি পুলিশের নথিতে ছিল।
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন জানান, পুলিশ ক্লিয়ারেন্স সনদে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে তিনি কীভাবে সরকারি চাকরিতে যোগ দিয়েছেন, তা পুলিশের পক্ষে বলা সম্ভব নয়।
মাসুদ রানার ভাষ্য অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের আগের দিন তিনি বিপিএটিসির চাকরি থেকে অব্যাহতি নেন। গত ৩০ সেপ্টেম্বর আগের চাকরি থেকে অব্যাহতি নিয়ে ১ অক্টোবর ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে নিয়োগপত্র সংগ্রহ করেন। একই দিন তিনি মধুপুর খাঁপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। তাঁর যোগদানপত্রেও ১ অক্টোবর যোগদানের তথ্য পাওয়া গেছে।
তবে বিপিএটিসির ওয়েবসাইটে এখনো তাঁর কর্মচারী পরিচিতি সক্রিয় রয়েছে এবং চাকরিসংক্রান্ত তথ্য দৃশ্যমান।
গত ২৪ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের জারি করা নিয়োগ আদেশের ২-এর (ঙ) নম্বর শর্তে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত শিক্ষকের দেওয়া কোনো তথ্য বা সনদপত্র মিথ্যা, ভুয়া কিংবা ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে নিয়োগ আদেশ বাতিল করা হবে। পাশাপাশি প্রচলিত আইনে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের বিধানও রয়েছে।
এ অবস্থায় নিয়োগের সময় মাসুদ রানা তাঁর আগের সরকারি চাকরির তথ্য, সাময়িক বরখাস্তের বিষয়টি এবং চলমান মামলার তথ্য যথাযথভাবে উল্লেখ করেছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে তাঁর আবেদনপত্র, ব্যক্তিগত তথ্যবিবরণী, পূর্ববর্তী চাকরির বিবরণ ও পুলিশ যাচাই প্রতিবেদন পর্যালোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
অভিযোগের বিষয়ে মাসুদ রানা তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে মিথ্যা বলে দাবি করেছেন। তবে মামলাটি চলমান এবং পুলিশ ক্লিয়ারেন্স সনদে এর উল্লেখ থাকার বিষয়টি তিনি স্বীকার করেছেন। তাঁর দাবি, নতুন চাকরিতে যোগদানের আগেই বিপিএটিসির চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বন্ধু সংগঠনের ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি মঈনুদ্দীন তালুকদার হিমেল বলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর ব্যক্তিগত তথ্য, পূর্ববর্তী চাকরির ইতিহাস ও আইনগত বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা কর্তৃপক্ষের দায়িত্ব।
পুলিশের নথিতে ফৌজদারি মামলার তথ্য থাকার পরও কীভাবে নিয়োগ দেওয়া হলো, তা খতিয়ে দেখা প্রয়োজন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বের করে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। নিয়োগসংক্রান্ত কাগজপত্র ও পুলিশ যাচাই প্রতিবেদন পর্যালোচনা করে নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক আজিজুর রহমান বলেন, যাঁদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা রয়েছে, তাঁদের নিয়োগ পাওয়ার কথা নয়। মাসুদ রানার নিয়োগের বিষয়টি তাঁদের নজরে আসেনি। পুলিশ সনদে ফৌজদারি মামলার তথ্য উল্লেখ থাকলে তাঁর চাকরি পাওয়ার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
সব মিলিয়ে পুলিশ ক্লিয়ারেন্সে মামলার তথ্য থাকার পরও কীভাবে মাসুদ রানার নিয়োগ সম্পন্ন হলো, আগের চাকরির তথ্য নিয়োগকারী কর্তৃপক্ষকে জানানো হয়েছিল কি না এবং নিয়োগের আগে যথাযথ যাচাই হয়েছিল কিনা এসব প্রশ্নের উত্তর পেতে সংশ্লিষ্ট নথি পর্যালোচনা ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।






