খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন, বদলাচ্ছে চলাচলের পথ

জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িক স্থগিত, শনিবার থেকে চালু হচ্ছে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’

টুইট প্রতিবেদক: যাত্রীদের নিরাপত্তার স্বার্থে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। এর পরিবর্তে আগামী শনিবার (২৮ নভেম্বর) থেকে বিকল্প পথে চালু হচ্ছে নতুন ট্রেন ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেনটি এই রুটে চলাচল করবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তার কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। সিনিয়র সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (পশ্চিম) মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, পারিপার্শ্বিক পরিস্থিতি ও সার্বিক অবস্থা বিবেচনায় যাত্রী এবং রেলওয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেন দুটির চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, খুলনার সঙ্গে ঢাকার যাত্রীসেবা অব্যাহত রাখা, রাজস্ব ক্ষতি এড়ানো এবং রেলওয়ের কোচ ও অন্যান্য চলন্ত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বিকল্প পথে এক জোড়া ট্রেন পরিচালনা করা হবে।

নির্দেশনা অনুযায়ী, ২০০০৩ নম্বর জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস সকাল ৮টায় খুলনা থেকে ছেড়ে পোড়াদহ ও রাজবাড়ী হয়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অপরদিকে, ২০০০৪ নম্বর ট্রেনটি রাত ১১টা ৩৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ট্রেনটি উভয় পথে দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করবে। প্রতি সোমবার ট্রেনটির সাপ্তাহিক ছুটি নির্ধারণ করা হয়েছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, নতুন ট্রেনটির কোচ বিন্যাস, কোচ সংযুক্তির পদ্ধতি এবং আসনসংখ্যা আগের জাহানাবাদ এক্সপ্রেসের মতোই রাখা হবে।
এদিকে, ট্রেন চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে খুলনা ও ঢাকার সংশ্লিষ্ট রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং পাকশী ও ঢাকার কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মো. জাকির হোসেন জানিয়েছেন, আগামী শনিবার সকাল ৮টায় বিকল্প পথে খুলনা-ঢাকা ট্রেন চলাচল শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।