বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করছে তুরস্কের সানকো, চাকরি হবে ৪৪০০ জনের

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে ডেনিম কারখানা স্থাপন; মাসে উৎপাদন হবে ১ কোটি মিটার কাপড়, উৎপাদন শুরুর লক্ষ্য ২০২৮ সালের প্রথম প্রান্তিকে।

টুইট প্রতিবেদক: বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্পে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিংস। প্রতিষ্ঠানটির ডেনিম বিভাগ আইএসকেও (ISKO) বাংলাদেশের ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে একটি অত্যাধুনিক ডেনিম কারখানা স্থাপন করবে।

প্রকল্পটিতে সরাসরি প্রায় ৪ হাজার ৪০০ মানুষের কর্মসংস্থান হবে।

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী ২৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নে প্রায় দেড় বছর ধরে কাজ হয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতার মধ্যেও বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে বেছে নিয়েছে তুরস্কের প্রতিষ্ঠানটি।

প্রস্তাবিত প্রকল্পে ডেনিম উৎপাদনের পাশাপাশি থাকবে সমন্বিত স্পিনিং ইউনিট। অর্থাৎ সুতা উৎপাদন থেকে শুরু করে ডেনিম কাপড় তৈরি পর্যন্ত পুরো প্রক্রিয়া একই শিল্পপ্রতিষ্ঠানের আওতায় পরিচালিত হবে। এতে মাসে প্রায় ১ কোটি মিটার ডেনিম কাপড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে ২০২৮ সালের প্রথম প্রান্তিকে।

প্রস্তাবিত মালিকানা কাঠামো অনুযায়ী, যৌথ উদ্যোগে ডিবিএল গ্রুপের অংশীদারত্ব থাকবে ৫১ শতাংশ এবং সানকো পরিবারের অংশীদারত্ব ৪৯ শতাংশ।

আশিক চৌধুরী বলেন, সানকো হোল্ডিংসের এই বিনিয়োগ তুরস্ক থেকে বাংলাদেশে আরও বিনিয়োগ আসার পথ তৈরি করতে পারে। তুরস্কের বস্ত্রপ্রতিষ্ঠানগুলোর জন্য উৎপাদন সক্ষমতা ও প্রতিযোগিতামূলক সুবিধার ক্ষেত্রে বাংলাদেশ একটি সম্ভাবনাময় অংশীদার।

তিনি প্রকল্পটি বাস্তবায়নে ভূমিকা রাখায় ডিবিএল গ্রুপের মোহাম্মদ জাব্বার ও সানকোর ফাতিহ কোনুকোগলুকে অভিনন্দন জানান। একই সঙ্গে বিনিয়োগকারীদের পাশে থেকে প্রকল্প বাস্তবায়নে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সানকো হোল্ডিংসের ডেনিম ব্র্যান্ড আইএসকেও বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার বলে সংশ্লিষ্ট তথ্যে উল্লেখ করা হয়েছে।

শিল্পসংশ্লিষ্টদের মতে, এ বিনিয়োগ বাংলাদেশের ডেনিম শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সুতা উৎপাদন ও কাপড় তৈরির মধ্যবর্তী সরবরাহব্যবস্থা শক্তিশালী করবে। একই সঙ্গে কর্মসংস্থান, রপ্তানি আয় এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশে তুরস্কের বড় অঙ্কের এ বিনিয়োগকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনাময় উদ্যোগ হিসেবেও দেখা হচ্ছে।