রাজশাহীর চারঘাটে ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে

রাজশাহীর চারঘাটে ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে, একজন ক্লিনিক পরিচালক।

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ সুমন ও হৃদয় নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার ইউসুফপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে চারঘাট থানা পুলিশ। গ্রেপ্তার হৃদয় রাজশাহী নগরের ঘোষপাড়া মোড়ে অবস্থিত লাইফ কেয়ার মেডিকোর পরিচালক হিসেবে পরিচিত।

গ্রেপ্তার সুমন চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামের মোকবুলের ছেলে। অপরদিকে, হৃদয়ের গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। তিনি রাজশাহী নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড় এলাকায় ভাড়া বাসায় থাকেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। বর্তমানে তারা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

পুলিশ জানায়, সুমনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। অন্যদিকে, হৃদয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকাসক্তি ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, হৃদয় রাজশাহী নগর থেকে নিয়মিত ইউসুফপুর এলাকায় গিয়ে সুমনের সঙ্গে যোগাযোগ করতেন এবং মাদক বহন করতেন।

এ ঘটনায় মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশ খোঁজখবর নিচ্ছে বলে চারঘাট থানা সূত্রে জানা গেছে।