তারাগঞ্জে কম্বল বিতরণ করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

দাপ্তরিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ।
নিজস্ব প্রতিবেদক, তারাগঞ্জ (রংপুর): রংপুরের তারাগঞ্জ উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেছেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আশরাফুল আলম। পরিদর্শন শেষে উপজেলার হতদরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তারাগঞ্জ উপজেলায় এসব কার্যক্রম পরিচালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার।
পরিদর্শনের শুরুতে তিনি উপজেলা ভূমি অফিসের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় ভূমিসংক্রান্ত সরকারি সেবা, সেবাপ্রার্থীদের কার্যক্রম এবং অফিসের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। সাধারণ মানুষ যাতে সহজে, স্বচ্ছ ও হয়রানিমুক্ত পরিবেশে ভূমিসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। এ সময় দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি ও প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং সরকারি সেবার মান বজায় রাখা ও উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা উপজেলার চলমান প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে অবহিত করেন।
দাপ্তরিক পরিদর্শন শেষে সন্ধ্যায় উপজেলার হতদরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের হাতে শুকনো খাবার ও কম্বল তুলে দেন আশরাফুল আলম। শীতের শুরুতে অসচ্ছল মানুষের দুর্ভোগ লাঘবে এ সহায়তা বিতরণ করা হয়।






