সুরা নাবায় মানুষের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা

কেয়ামত, পুনরুত্থান ও পরকালের জবাবদিহির কথা স্মরণ করিয়ে দেয় পবিত্র কোরআনের ৭৮তম সুরা
ধর্ম। 

টুইট ডেস্ক: পবিত্র কোরআনের ৭৮তম সুরা হলো সুরা নাবা। ‘নাবা’ শব্দের অর্থ মহাসংবাদ। এ সুরার মূল আলোচ্য বিষয় কেয়ামত, পুনরুত্থান ও পরকালের বিচার। মানুষের মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া এবং আল্লাহর কাছে প্রত্যেককে নিজ নিজ কাজের হিসাব দিতে হবে, এ্ বিষয়গুলো

অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে এ সুরায়।
সুরার শুরুতেই আল্লাহ তায়ালা বলেন, ‘তারা পরস্পর কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে? মহাসংবাদ সম্পর্কে, যে বিষয়ে তারা মতভেদ করছে।’ (সুরা নাবা, আয়াত: ১-৩)। এখানে মহাসংবাদ বলতে কেয়ামত ও পুনরুত্থানের বিষয়টি বোঝানো হয়েছে।

সৃষ্টিজগতের নিদর্শন ও আল্লাহর নেয়ামত
সুরা নাবায় আল্লাহ তায়ালা মানুষকে নিজের চারপাশের সৃষ্টিজগত নিয়ে চিন্তা করতে বলেছেন। পৃথিবীকে করেছেন মানুষের বসবাসের উপযোগী, পাহাড়কে করেছেন সুদৃঢ়, মানুষকে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। ঘুমকে দিয়েছেন বিশ্রামের মাধ্যম হিসেবে, রাতকে করেছেন আবরণ এবং দিনকে করেছেন জীবিকা অন্বেষণের সময়।

এ ছাড়া আকাশকে করেছেন সুদৃঢ় ছাদ এবং সূর্যকে করেছেন আলোকোজ্জ্বল প্রদীপ। বৃষ্টি বর্ষণের মাধ্যমে উৎপন্ন করেছেন শস্য, উদ্ভিদ ও ঘন উদ্যান। (সুরা নাবা,

আয়াত: ৬-১৬)।

এসব নিদর্শন মানুষকে আল্লাহর অসীম ক্ষমতা ও সৃষ্টির রহস্য সম্পর্কে ভাবতে শেখায়। যিনি এত বিশাল সৃষ্টিজগৎ পরিচালনা করছেন, মানুষের মৃত্যুর পর পুনরায় জীবিত করাও তাঁর জন্য কঠিন নয়। তাই আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকা প্রত্যেক মানুষের দায়িত্ব।
কেয়ামত ও পরকালের কঠিন বাস্তবতা

সুরাটিতে কেয়ামতের ভয়াবহ দৃশ্যও তুলে ধরা হয়েছে। সেদিন শিঙায় ফুঁ দেওয়া হবে, মানুষ দলে দলে উপস্থিত হবে, আকাশ খুলে দেওয়া হবে এবং পাহাড়গুলো চলতে শুরু করবে। সেদিন সত্য অস্বীকারকারী ও সীমালঙ্ঘনকারীদের জন্য অপেক্ষা করবে কঠিন পরিণতি। জাহান্নাম হবে তাদের প্রত্যাবর্তনস্থল। (সুরা নাবা, আয়াত:

১৭-৩০)।

এ বর্ণনা মানুষকে স্মরণ করিয়ে দেয়, দুনিয়ার জীবনই শেষ নয়। ক্ষমতা, সম্পদ, খ্যাতি কিংবা সামাজিক মর্যাদা কোনোটিই পরকালের জবাবদিহি থেকে রক্ষা করতে পারবে না। জীবনের প্রতিটি কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে।

মুত্তাকিদের জন্য রয়েছে সফলতার সুসংবাদ
অন্যদিকে যারা আল্লাহকে ভয় করে এবং সৎকর্মের মাধ্যমে জীবন পরিচালনা করে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। মুত্তাকিদের জন্য প্রস্তুত রয়েছে মনোরম উদ্যান, আঙুর, সমবয়সী সঙ্গিনী এবং পরিপূর্ণ পানপাত্র। সেখানে তারা কোনো অসার কথা কিংবা মিথ্যা শুনবে না। এটি তাদের সৎকর্ম ও আল্লাহভীতির প্রতিদান। (সুরা

নাবা, আয়াত: ৩১-৩৬)।

সুরা নাবার শেষ আয়াতের বিশেষ শিক্ষা
সুরার শেষাংশে আল্লাহর মহিমা ও কর্তৃত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কেয়ামতের দিন মানুষ নিজের কৃতকর্মের পরিণতি দেখতে পাবে। সেদিন অবিশ্বাসীরা অনুশোচনায় বলবে, ‘হায়! আমি যদি মাটি হয়ে যেতাম!’

(সুরা নাবা, আয়াত: ৪০)।

মানুষের জীবনে সুরা নাবার শিক্ষা
সুরা নাবার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, পরকালকে ভুলে গিয়ে জীবন পরিচালনা করা উচিত নয়। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। তাই প্রতিটি মুহূর্তকে সৎকর্মে কাজে লাগানো, অন্যের অধিকার রক্ষা করা, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা এবং পরকালের প্রস্তুতি নেওয়া প্রত্যেক মুমিনের দায়িত্ব।

মানুষের প্রকৃত সফলতা শুধু দুনিয়ার অর্জন, সম্পদ কিংবা সামাজিক মর্যাদায় নয়; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পরকালে মুক্তি লাভের মধ্যেই নিহিত। সুরা নাবা মানুষকে সেই চিরন্তন সত্যই স্মরণ করিয়ে দেয়।