সুনামগঞ্জে বিজিবির অভিযানে দেড় লাখ টাকার মাদক ও অবৈধ পণ্য জব্দ

লাউরগড় ও চিনাউড়া সীমান্তে পৃথক অভিযান; চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি
টুইট প্রতিবেদক: সুনামগঞ্জের দুটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বাংলাদেশি ও ভারতীয় বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৬ হাজার ৬৮০ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে জেলার তাহিরপুর উপজেলার লাউরগড় এবং সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া সীমান্ত এলাকায় ২৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এসব অভিযান চালান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকদ্রব্যসহ বাংলাদেশি ও ভারতীয় বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, সুনামগঞ্জের সীমান্ত এলাকায় প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এসব সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ১৯টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) সদস্যরা দিনরাত টহল কার্যক্রম পরিচালনা করছেন।
২৮ বিজিবি ব্যাটালিয়নের সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির সংবাদকর্মীদের জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দ করা বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।






