প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নিতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য সংলাপে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
টুইট ডেস্ক:পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা ছিল। তবে মালয়েশিয়ার কর্মসূচি বাতিল করে মঙ্গলবার (২৪ নভেম্বর) অস্ট্রেলিয়া থেকেই দেশের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
সফর সংক্ষিপ্ত করার কারণ জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, মালয়েশিয়ার কর্মসূচি বাতিল করেছেন শফিকুর রহমান। অস্ট্রেলিয়ার কর্মসূচি শেষ করেই দেশে ফিরছেন জামায়াত আমির।
প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপের কারণে তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত কি না, জানতে চাইলে জুবায়ের বলেন, ‘হ্যাঁ, এটাও একটা কারণ যে আমরা তার চলে আসার প্রয়োজন অনুভব করছি।’
এ বিষয়ে আপাতত এর বেশি কিছু বলতে চাননি তিনি।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেলে অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন শফিকুর রহমান। স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি তাঁকে বিদায় জানান।
গত ১৯ নভেম্বর দিবাগত রাতে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন জামায়াত আমির। ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছানোর পর ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন তিনি।






