এসএসসিতে মেধাবী দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

১১টি শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ নম্বরধারীরা পাবেন এ পুরস্কার; ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চে বিতরণের পরিকল্পনা।

টুইট ডেস্ক : চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া সর্বোচ্চ নম্বরধারী দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ১১টি শিক্ষা বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে প্রাথমিকভাবে শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ড থেকে প্রতিটি বোর্ডের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রথম ১০০ জন শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে। এ হিসাবে ১ হাজার ১০০ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হবেন। তবে ১০০তম অবস্থানে একাধিক শিক্ষার্থীর নম্বর সমান হলে তাঁদের জন্য অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষণ করা হয়েছে। সব মিলিয়ে দেড় হাজার শিক্ষার্থী এ সুবিধা পেতে পারেন।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে ১১টি শিক্ষা বোর্ডের মেধাতালিকা থেকে শীর্ষ শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ উদ্যোগের পরিসর আরও বাড়ানো হবে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবীদেরও এ ধরনের প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘মাধ্যমিক শিক্ষার্থীদের পাঠাভ্যাস জোরদারকরণ’ কর্মসূচির আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। সরকারি ক্রয়বিধি অনুসরণ করে ল্যাপটপ কেনা হবে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে এসব ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচিতে সরকারের আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হতে পারে।

শিক্ষার্থীদের নির্বাচনের ক্ষেত্রে শুধু জিপিএ-৫ বিবেচনা করা হচ্ছে না; বরং মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের কাঠামো অনুযায়ী, নির্বাচিতদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৫০ শতাংশ, মানবিক বিভাগের ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ২০ শতাংশ শিক্ষার্থী থাকবেন। অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ও বিভাগভিত্তিক বিন্যাস বিবেচনায় কিছুটা ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বোর্ড থেকে সর্বোচ্চ নম্বরধারী ১০০ জন করে শিক্ষার্থী বাছাই করা হয়েছে। বোর্ডগুলোর চূড়ান্ত তালিকা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কর্মসূচির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহারে দক্ষ করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ল্যাপটপের মান ও প্রয়োজনীয় যন্ত্রাংশের সক্ষমতার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। তাঁদের মধ্য থেকে ধাপে ধাপে মেধাবীদের জন্য এ ধরনের প্রণোদনা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।