সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা অনুচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালত চত্বরে আইনজীবীকে হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়ে আইনের আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন জাহেদ উর রহমান।
টুইট ডেস্ক : সাবেক মেয়র সাঈদ খোকন আটক হওয়ার পর আদালত চত্বরে তাঁর আইনজীবীকে হেনস্তার ঘটনাকে অনুচিত ও অন্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
দেশে মব সংস্কৃতি এখনো দৃশ্যমান থাকা এবং সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তার বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, ব্যক্তিগতভাবে তাঁরা এ ঘটনাকে অত্যন্ত অনুচিত ও অন্যায় বলে মনে করেন।
তিনি বলেন, কোনো ব্যক্তি যেকোনোভাবে অন্যায়ের শিকার হলে সংক্ষুব্ধ ব্যক্তি চাইলে অবশ্যই বিচারের আশ্রয় নিতে পারেন। এ ক্ষেত্রে আইনি সহায়তা নেওয়ার সুযোগ রয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, যেহেতু হেনস্তার শিকার ব্যক্তি একজন আইনজীবী, তাই তিনি এ ঘটনায় সংক্ষুব্ধ হলে যথাযথ আইনি পদক্ষেপ নিতে পারেন।
এ ধরনের ঘটনার বিচার আদালতের মাধ্যমেই হওয়া উচিত বলে আশা প্রকাশ করে তিনি বলেন, এসব বিষয়ে বিচারিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত আসবে বলে তাঁরা প্রত্যাশা করেন।






