খার্তুমে ড্রোন হামলার নিন্দা জানাল কাতার

জাতিসংঘের একটি ভবনেও হামলা, বেসামরিক হতাহতের ঘটনায় উদ্বেগ; সুদানের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত।
বিশ্ব ডেস্ক: সুদানের রাজধানী খার্তুমে ড্রোন হামলা এবং জাতিসংঘের একটি ভবন লক্ষ্যবস্তু হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার। এসব হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি এবং বেসামরিক স্থাপনা ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২৩ নভেম্বর) দোহা থেকে প্রকাশিত এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানায়।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা সুদানের সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন। একই সঙ্গে এটি আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থার নীতি এবং জাতিসংঘ সনদের পরিপন্থী।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলার কঠোর বিরোধিতা করে সুদানের ঐক্য, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, সুদানের চলমান সশস্ত্র সংঘাতের সমাধান সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে হওয়া উচিত। এর মাধ্যমে দেশটির জনগণের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষা পূরণের আহ্বান জানায় কাতার।
এ ছাড়া হামলায় নিহত ব্যক্তিদের স্বজন এবং সুদানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশটি।
সূত্র: কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়






