যৌথ সামরিক মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

তিন বাহিনীর প্রথম ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন তারেক রহমান; অংশ নিচ্ছে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিট।
টুইট ডেস্ক: তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে আয়োজিত যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।
এর আগে সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন তিনি।
মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে। তিন বাহিনীর বিশেষায়িত সদস্যদের সমন্বিত প্রশিক্ষণ ও কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি মহড়ার বিভিন্ন পর্ব দেখবেন প্রধানমন্ত্রী।
এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রমও পর্যবেক্ষণ করবেন তিনি।
মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।






