বনশ্রীতে মায়ের হাতে প্রাণ গেল ৪ বছরের শিশুর

বনশ্রীতে মায়ের হাতে প্রাণ গেল ৪ বছরের শিশুর,স্বামীকে ভয়েস বার্তা দিয়ে হত্যার কথা জানান মা, গ্রেপ্তারের পর কারাগারে।
টুইট প্রতিবেদক: রাজধানীর বনশ্রীতে পারিবারিক কলহের জেরে চার বছর বয়সী শিশুকন্যা আসফিয়া জাহান নূরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মা মেহেরুননেসার বিরুদ্ধে। হত্যার আগে স্বামীকে হোয়াটসঅ্যাপে ভয়েস বার্তা পাঠিয়ে মেয়েকে মেরে ফেলার কথা জানান তিনি। এ ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বনশ্রীর বি-ব্লকের ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়ির তৃতীয় তলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে আশরাফুল হক ইমনের সঙ্গে মেহেরুননেসার বিয়ে হয়। দাম্পত্য জীবনের প্রথম বছর মোটামুটি ভালো কাটলেও পরবর্তী পাঁচ বছর ধরে তাঁদের মধ্যে পারিবারিক কলহ ও অশান্তি চলছিল। দুই পরিবারের উদ্যোগে একাধিকবার সালিশ হলেও বিরোধের অবসান হয়নি।
ঘটনার দিন বিকেলে মেহেরুননেসা হোয়াটসঅ্যাপের একবার দেখার সুযোগযুক্ত বার্তা ব্যবস্থায় স্বামীকে পরপর দুটি কণ্ঠবার্তা পাঠান। প্রথম বার্তায় তিনি বলেন, ‘তোর মেয়েরে মাইরা ফেলতেছি’। দ্বিতীয় বার্তায় জানান, ‘আমি তোর মাইয়াকে মাইরা ফেলাইছি’।
স্ত্রীর এমন বার্তা পেয়ে শিশুটির বাবা আশরাফুল হক ইমন দ্রুত বাসার মালিক এমদাদুল হককে ফোন করে খোঁজ নিতে বলেন। বাসার মালিক ওই ফ্ল্যাটে পৌঁছালে মেহেরুননেসা নিজেই মেয়েকে হত্যার কথা স্বীকার করেন এবং তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানান বলে জানা গেছে।
পরে বাসার মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে রামপুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
রামপুরা থানার উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন জানান, বুধবার (১৮ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। অভিযুক্ত মেহেরুননেসাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
শিশুটির মরদেহ আজিমপুরে দাফনের কথা রয়েছে। নিজের মায়ের বিরুদ্ধে চার বছরের শিশুকে হত্যার এমন অভিযোগে বনশ্রী এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।






