দুর্যোগে শিশুদের যৌন শোষণ প্রতিরোধে রাজশাহীতে এসিডির সভা

শিশুর নিরাপত্তা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব: বক্তারা | আশ্রয়কেন্দ্রে নিরাপদ পরিবেশ, অভিযোগ গ্রহণ ও জরুরি সহায়তা জোরদারের আহ্বান

রাজশাহী প্রতিনিধি: দুর্যোগ ও মানবিক সংকটের সময় পরিবার ও সামাজিক সুরক্ষাব্যবস্থা ভেঙে পড়লে শিশুরা যৌন শোষণ ও নির্যাতনের সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে। এ পরিস্থিতিতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে মত দিয়েছেন বক্তারা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহীর হোটেল ওয়ারিশানের হলরুমে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় এসব কথা বলেন বক্তারা। দুর্যোগকালে শিশুর সুরক্ষা নিশ্চিত করা এবং যৌন শোষণ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

এসিডি ‘দ্য অ্যালায়েন্স ফর চাইল্ড প্রোটেকশন ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন’-এর সহযোগিতায় রাজশাহীতে ‘চাইল্ড প্রোটেকশন ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (সিপিএইচএ) টেকনিক্যাল হাব ইনিশিয়েটিভ’ বাস্তবায়ন করছে।

এসিডির সিপিএইচএ টেকনিক্যাল হাবের ফোকাল পয়েন্ট সুব্রত কুমার পালের সঞ্চালনায় এবং বিকল্প ফোকাল পয়েন্ট মোছা. মানতাকা আক্তারের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী।

প্রধান অতিথির বক্তব্যে মোহা. সবুর আলী বলেন, “শিশুর নিরাপত্তা নিশ্চিত করা কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে।”

সভায় আলোচক হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইসরাত জাহান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মঞ্জুরুল কাদির, শিক্ষাবিদ অধ্যাপক ড. দীপকেন্দ্রনাথ দাস, সুজনের সভাপতি সফিউদ্দিন আহমেদ, নারী অধিকারকর্মী আলিমা খাতুন লিমা এবং শিশু গবেষক সাবিহা জান্নাতি।

গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনদের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ সংবাদদাতা ড. আইনুল হক, এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটন, একাত্তর টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট রাশিদুল হক রুশো, সময় টেলিভিশনের রিপোর্টার মওদুদ রানা, ঢাকা ট্রিবিউনের বিভাগীয় প্রতিবেদক দুলাল আব্দুল্লাহ এবং রোটারিয়ান ডক্টর হেমায়েতুল ইসলাম আরিফ।

আলোচনায় ২০১৯ সালের চাইল্ড প্রোটেকশন ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (সিপিএমএস)-এর ২৮টি ন্যূনতম মানদণ্ডের আলোকে শিশু সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে নবম মানদণ্ডে উল্লেখিত যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, ঝুঁকি হ্রাস এবং প্রয়োজনীয় সাড়াদানের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া শিশুর সর্বোত্তম স্বার্থ, বৈষম্যহীনতা, শিশুর অংশগ্রহণ এবং ‘ক্ষতি না করার নীতি’ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা দুর্যোগকালে শিশুদের সুরক্ষায় নিরাপদ অভিযোগ গ্রহণ ও রেফারেল ব্যবস্থা, শিশু-বান্ধব কেস ম্যানেজমেন্ট এবং ১০৯৮, ১০৯ ও ৯৯৯ হেল্পলাইন সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন। পাশাপাশি আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত আলো, নারী ও শিশুদের জন্য পৃথক নিরাপদ স্থান এবং স্বাস্থ্যসম্মত শৌচাগার নিশ্চিত করার আহ্বান জানান। শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা নীতিমালা, ব্যক্তিগত নিরাপত্তাবিষয়ক শিক্ষা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের যথাযথ যাচাইয়ের ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইসরাত জাহান বলেন, নির্যাতনের শিকার শিশু ও তাদের পরিবারের জন্য দ্রুত সহায়তা এবং প্রয়োজনীয় সেবার সঙ্গে সংযুক্তি নিশ্চিত করতে হবে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মঞ্জুরুল কাদির শিশুদের যেকোনো বিপদে দ্রুত ১০৯৮ ও ১০৯ নম্বরে যোগাযোগের আহ্বান জানান।

অধ্যাপক ড. দীপকেন্দ্রনাথ দাস শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা নীতিমালা ও নিরাপদ অভিযোগ ব্যবস্থাপনা চালুর ওপর গুরুত্ব দেন। সুজনের সভাপতি সফিউদ্দিন আহমেদ তৃণমূল পর্যায়ে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শিশু সুরক্ষা কমিটিগুলো সক্রিয় করার আহ্বান জানান।

নারী অধিকারকর্মী আলিমা খাতুন লিমা বলেন, “লজ্জা বা ভয়ের কারণে নির্যাতনের ঘটনা গোপন করলে শিশুর ক্ষতি আরও বাড়ে। শিশুর কথা শুনতে হবে, তাকে বিশ্বাস করতে হবে। নির্যাতনের জন্য কোনোভাবেই শিশু দায়ী নয়।”

বাসসের বিশেষ সংবাদদাতা ড. আইনুল হক সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের শিশুদের পরিচয়, ছবি, ঠিকানা বা কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ না করার অনুরোধ জানান।

সভা শেষে সঞ্চালক সুব্রত কুমার পাল শিশুদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান। পরে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

সূত্র: প্রেস বিজ্ঞপ্তি, অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)।