ফার্মেসি কোর্সে সমিতির সম্পৃক্ততা বহালের দাবিতে তারাগঞ্জে মানববন্ধন

ফার্মেসি সার্টিফিকেট কোর্সে সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তারাগঞ্জে মানববন্ধন

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় ‘বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি’র (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রংপুরের তারাগঞ্জে মানববন্ধন করেছেন স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার নতুন চৌপথী বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ কেমিস্টদের আহ্বানে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ের ওষুধ ব্যবসায়ী ও ফার্মাসিস্টদের স্বার্থ ও পেশাগত মান রক্ষায় ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনতিবিলম্বে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের এ-সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার করার জোর দাবি জানান তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন তারাগঞ্জ উপজেলা কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক, ব্যবসায়ী নেতা বাবু এবং সিরাজুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক ওষুধ ব্যবসায়ী মানববন্ধনে অংশ নেন।