তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই শ্রমিকের মৃত্যু, এজাহারে নেই হত্যার অভিযোগ

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের বক্তব্যের সঙ্গে মামলার বর্ণনায় অমিল; এজাহারের কপি দিতে অস্বীকৃতি দুই ওসির
নিজস্ব প্রতিবেদক: রংপুরের তারাগঞ্জে বাসভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় নিহত একজনের বাবার করা মামলার এজাহারে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
সেখানে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে বা লাথি মেরে ফেলে দেওয়ার কোনো অভিযোগ নেই। অথচ বাসের যাত্রী, স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের বক্তব্যে ঘটনার ভিন্ন চিত্র উঠে এসেছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শ্রমিক হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামের মুকুল ইসলাম (২৮) ও শাকিব বসুনিয়া (২২)। তাঁরা কুমিল্লায় রাজমিস্ত্রির কাজ করতেন। বাড়ি ফেরার পথে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত মুকুলের বাবা মাহবুবুর সরকার রোববার দুপুরে তারাগঞ্জ থানায় মামলা করেন। মামলায় বাসচালক আজির হোসেন ও সহকারী শফিক ইসলামকে আসামি করা হয়েছে। তাঁদের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামে। পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।
এজাহারে যা বলা হয়েছে
এজাহার সূত্রে জানা যায়, মুকুল ও শাকিব প্রায় এক মাস আগে রাজমিস্ত্রির কাজ করতে কুমিল্লায় যান। ১৪ নভেম্বর রাতে তাঁরা সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ির উদ্দেশে রওনা দেন। পরদিন সকাল সোয়া ৮টার দিকে তারাগঞ্জের জিগাতলা এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে যান।
এজাহারে বলা হয়েছে, বাসের চালক ও সহকারীর সঙ্গে দুই শ্রমিকের ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা বাস থেকে নেমে সামনের দিক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চালক বেপরোয়া গতিতে বাস চালিয়ে তাঁদের ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
চালক ও সহকারীর বিরুদ্ধে বেপরোয়া গতিতে বাস চালিয়ে দুই শ্রমিকের মৃত্যুর কারণ হওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে চলন্ত বাস থেকে তাঁদের ধাক্কা দিয়ে বা লাথি মেরে ফেলে দেওয়ার কোনো বিবরণ এজাহারে নেই।
এ বিষয়ে নিহত মুকুলের বাবা ও মামলার বাদী মাহবুবুর সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় শুনে তিনি ফোনটি তাঁর ছেলের কাছে দেন। পরে তাঁর ছেলে জানান, ঘটনাস্থলে গিয়ে তাঁরা শুনেছেন, তাঁর বাবা রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মারা গেছেন। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার জন্য মামলায় এভাবে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারের সঙ্গে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে উল্লেখযোগ্য অমিল পাওয়া গেছে। ঘটনার সময় স্থানীয় কুর্শা জিগাতলা এলাকার কৃষক জামাল হোসেন কয়েকজন শ্রমিকের সঙ্গে মহাসড়কের পাশে ধান কাটছিলেন। তিনি বলেন, ‘আমরা ধান কাটতেছি। মোটরসাইকেল থেকে চিল্লাচ্ছে। গাড়ি থেকে লোক ফেলে দিছে। তখন লাফ দিয়ে আমরা রাস্তায় উঠছি। লোকটার ওপর দিয়ে গাড়িটা চলি গেছে।’
আরেক প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান বলেন, ‘চিল্লানি শুনি আমরা ১৮-২০ জন রাস্তায় উঠে দেখি দুই জায়গায় দুইজন পড়ি আছে। গাড়িটা চলি যাচ্ছে। দেখি একজন চাকায় পিষ্ট হয়ে মারা গেইছে। আরেকজনকে হাসপাতালে পাঠাছি।’
প্রত্যক্ষদর্শী রাজ্জাক ইসলাম বলেন, ‘আমরা ধান কাটির যাইছি। রাস্তা পার হই নাই। দেখি রাস্তায় গাড়ি থাকি একজনকে লাথি মারি ফেলে দেইল। লোকটা একেবারে ওই জায়গায় শেষ। পরে একটু আগে যেয়া দেখি, আরেকটা লোকও রক্তাক্ত হয়া পড়ি আছে। ওই লোকও বাঁচি নাই।’
ওই বাসের যাত্রী ও নিহত ব্যক্তিদের প্রতিবেশী চাচা আতিক ইসলামের অভিযোগ, বাসের সহকারী তাঁকে গামছা দিয়ে আটকে রেখেছিলেন। এ সময় দুই শ্রমিক চলন্ত বাসে ওঠার চেষ্টা করলে চালক বাসের গতি বাড়িয়ে দেন। পরে সহকারী তাঁদের লাথি মেরে বাস থেকে ফেলে দেন।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারীদের বক্তব্য
তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, তাঁরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাঁদের জানিয়েছেন, ওই দুই শ্রমিককে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী, বাসযাত্রী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীর বক্তব্যে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠে এলেও মামলার এজাহারে তা উল্লেখ না থাকায় ঘটনার প্রকৃত পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এজাহারের কপি দিতে অস্বীকৃতি দুই ওসির
মামলার এজাহারে হত্যার অভিযোগ কিংবা চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার বিষয়টি উল্লেখ না থাকার কারণ জানতে চাইলে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, মুকুলের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। গ্রেপ্তার বাসচালক ও সহকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি বলেন, ‘বাদী হত্যা বা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার বিষয় উল্লেখ করেননি। ভাড়া নিয়ে তর্কের কথা বলেছেন। হত্যা কি না, তদন্ত করে দেখা হবে। মামলাটি তদন্ত করছে হাইওয়ে পুলিশ।’ তবে মামলার এজাহারের কপি চাইলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন।
একই বিষয়ে জানতে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এজাহারের কপি চাইলে তিনিও তা দিতে অস্বীকৃতি জানান।
তদন্তে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি
একই ঘটনায় মামলার এজাহার, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের বর্ণনায় ভিন্নতা থাকায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
বিশেষ করে দুই শ্রমিক বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন, নাকি ভাড়া নিয়ে বিরোধের জেরে তাঁদের চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছে—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বাসের চালক ও সহকারীর বক্তব্য, বাসের যাত্রীদের সাক্ষ্য, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি, সম্ভাব্য সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য আলামত গুরুত্বের সঙ্গে পরীক্ষা করা প্রয়োজন।
দুই নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।






