পিরোজপুরে সাদা প্রাইভেট কারের চক্করের পর ইউপি ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

পিরোজপুরে সাদা প্রাইভেট কারের চক্করের পর ইউপি ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুনএক ঘণ্টার ব্যবধানে পৃথক দুই স্থানে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান।

টুইট ডেস্ক: পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। এ ছাড়া একটি ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনও পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, একটি সাদা প্রাইভেট কারের রহস্যজনক চক্করের পর মাত্র এক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বুধবার (১৮ নভেম্বর) নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শাখারিকাঠী ইউনিয়ন পরিষদে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এর ঠিক এক ঘণ্টা পর রাত আড়াইটার দিকে কবিরাজবাড়ী এলাকায় চারটি দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ক্ষয়ক্ষতি ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ

স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে কবিরাজবাড়ী বাজারে লাগা আগুনে মোস্তফা মাঝি, আরাফাত মাঝি, আব্দুস সামাদ ও মো. শাহীনের চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এর মধ্যে মুদি মনোহরী, পার্টস ও গ্যারেজের দোকান রয়েছে। খবর পেয়ে নাজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে শাখারিকাঠী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. লিপু শরীফ জানান, রাত পৌনে দুইটার দিকে একটি সাদা প্রাইভেট কার এলাকায় দুই-তিনবার চক্কর দেয়। ওই গাড়িতে থাকা দুর্বৃত্তরাই আগুন দিয়ে পালিয়ে গেছে বলে তাদের প্রাথমিক ধারণা। আগুনে পরিষদে রাখা টিসিবি পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হলরুমের দরজা, জানালা ও বেঞ্চ পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মুরাদ হাসান বলেন, “রাত ২টার দিকে ফোনে খবর পেয়ে এসে দেখি দোকানের চারপাশে আগুন দাউ দাউ করে জ্বলছে। পাহারাদার জানিয়েছেন, একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে এসে কারা যেন আগুন দিয়ে গেছে। এতে আমার প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতিক্রিয়া

ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ ঘটনার জন্য পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘আগুন সন্ত্রাস’ ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে দায়ী করেছেন। উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু হাসান খান জানান, এ ঘটনায় আজই আইনি পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব ঘটনাস্থল পরিদর্শনে এসে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল না থেকে জনগণকে সচেতন হয়ে এসব নাশকতা প্রতিহত করার আহ্বান জানান।

প্রশাসন ও ফায়ার সার্ভিসের বক্তব্য

নাজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোয়াইব হোসাইন মুন্সি জানান, পৃথক দুটি আগুনের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

এ বিষয়ে নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “দাহ্য পদার্থ ঢেলে ইউনিয়ন পরিষদে আগুন দেওয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। তবে কবিরাজবাড়ীর দোকানগুলোতে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”