রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

নগরীর বনলতা আবাসিক এলাকায় আতঙ্ক; সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার মধ্যরাত ১টা ২৪ মিনিটের দিকে (বুধবার ১৮ নভেম্বর) মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রাস্তার পাশ থেকে ব্যাংক ভবনের নিচতলা লক্ষ্য করে পরপর দুটি ককটেলসদৃশ পেট্রোল বোমা ছুড়ে মারে।

বিস্ফোরণের পরপরই ভবনের নিচতলার কাচের ফিটিং ও জানালায় আগুন ধরে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গ্রামীণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আ. ক. ম. শামসুদ্দোহা জানান, ঘটনার সময় অফিসের ভেতরে একজন পিয়ন এবং সামনে একজন নৈশপ্রহরী দায়িত্বরত ছিলেন। নিচতলায় অবস্থিত এরিয়া অফিসের বারান্দার জানালায় বোমা নিক্ষেপের পর আগুন ধরে গেলে ভেতরে থাকা পিয়ন দ্রুত তা টের পান।

তিনি তাৎক্ষণিকভাবে ভেতর থেকে এবং পরবর্তীতে বাইরে বেরিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ৫ থেকে ৭ মিনিটের মধ্যে নিচে নেমে ব্যাংক কর্মকর্তারা দেখতে পান, আগুনে অফিসের অভ্যন্তরীণ বা বড় কোনো ক্ষতি না হলেও ভবনের দুটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বনলতা আবাসিক এলাকার তিনতলাবিশিষ্ট এই ভবনের নিচতলায় এরিয়া অফিস, মাঝের তলায় জোনাল অফিস এবং ওপরের তলায় অডিট অফিসের কার্যক্রম পরিচালিত হয়। এই জোনাল অফিসের অধীনে তিনটি জেলা ও নওগাঁর একটি থানাসহ মোট ৮২টি শাখা এবং ৮টি এরিয়া অফিস নিয়ন্ত্রিত হয়।

হামলার ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এরিয়া ম্যানেজার ও প্রশাসনিক কর্মকর্তা এ বিষয়ে শাহ মখদুম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের কার্যক্রম সম্পন্ন করছেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাচের বোতলে দাহ্য পদার্থ ভরে ব্যাংক ভবন লক্ষ্য করে ছুড়ে মারা হয়েছিল। পরপর দুটি বিস্ফোরণে নিচতলার কাচের ফিটিং ও জানালা ক্ষতিগ্রস্ত হলেও ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।

ওসি আরও বলেন, “কারা এবং কী উদ্দেশ্যে ব্যাংক ভবনটিকে লক্ষ্যবস্তু করেছে, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”