বান্দরবান সীমান্তে আটক ৮ জন পর্যটক নন, দাবি বিজিবির

তিনটি জিপিএস ট্র্যাকার ও ভারতীয় রুপি উদ্ধারের দাবি; আটক ব্যক্তিদের মধ্যে দুজনের বিরুদ্ধে পৃথক মামলার তথ্য, পুলিশের কাছে হস্তান্তর!
নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের দুর্গম দোপানীছড়া সীমান্ত এলাকায় আটক আটজন সাধারণ পর্যটক বা ট্র্যাকার ছিলেন না বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের কাছ থেকে তিনটি জিপিএস ট্র্যাকার উদ্ধার করা হয়েছে।
এসব ডিভাইসে পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনরত বিভিন্ন নিরাপত্তা বাহিনীর ক্যাম্প, অপারেশনাল বেইস ও সীমান্ত নিরাপত্তা চৌকির সুনির্দিষ্ট অবস্থান সংরক্ষিত ছিল বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের ঘটনার বিস্তারিত তুলে ধরে। এতে বলা হয়, সম্প্রতি দোপানীছড়া সীমান্ত এলাকায় আটজন সন্দেহভাজন নাগরিককে আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। প্রকৃত ঘটনা তুলে ধরতেই বিজিবির পক্ষ থেকে এই বক্তব্য দেওয়া হয়েছে।
বিজিবির দাবি, আটক ব্যক্তিরা গভীর রাতে দোপানীছড়া বিওপিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা বাহিনীর ক্যাম্প এড়িয়ে দুর্গম ও ঝুঁকিপূর্ণ ঝিরিপথ ব্যবহার করে সীমান্তের শূন্যরেখা থেকে মাত্র ১৫ গজের মধ্যে পৌঁছান। অথচ সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জিপিএস ট্র্যাকারে নিরাপত্তা স্থাপনার অবস্থান
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকদের কাছ থেকে উদ্ধার করা তিনটি জিপিএস ট্র্যাকার পরীক্ষা করে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর ক্যাম্প, অপারেশনাল বেইস ও সীমান্ত নিরাপত্তা চৌকির সুনির্দিষ্ট অবস্থান পাওয়া গেছে।
তাঁদের চলাচলের গতিপথ বিশ্লেষণেও সংবেদনশীল সীমান্তবর্তী এলাকা ব্যবহারের তথ্য পাওয়া যায়। বিজিবির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এসব ডিভাইসের বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন। তাঁদের সঙ্গে কোনো স্থানীয় গাইডও ছিলেন না। পরবর্তী তল্লাশিতে তাঁদের কাছ থেকে ভারতীয় রুপি উদ্ধার করা হয় বলে জানায় বিজিবি।
দুজনের বিরুদ্ধে মামলার তথ্য
বিজিবি আরও জানিয়েছে, আটক আটজনের মধ্যে দুজনের বিষয়ে পৃথক মামলার তথ্য পাওয়া গেছে। তাঁদের একজন আলীকদম থানার একটি হত্যা মামলার সাক্ষী। অপরজনের বিরুদ্ধে ভোলার লালমোহন থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর রাতে সংবেদনশীল সীমান্ত এলাকায় তাঁদের সন্দেহজনক চলাচলের কারণে নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছিল। এমনকি প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর গুলির ঝুঁকিও সৃষ্টি হতে পারত।
তবে বিজিবির টহলদল তাঁদের দেখতে পেয়ে কোনো ধরনের বলপ্রয়োগ ছাড়াই নিরাপত্তা হেফাজতে নেয়।
আটক ব্যক্তিদের চলাচলের গতিপথ, জিপিএস ট্র্যাকার, নিরাপত্তা স্থাপনার অবস্থান সংরক্ষণ এবং উদ্ধার করা সরঞ্জামাদি বিবেচনায় অধিকতর তদন্তের স্বার্থে তাঁদের আইনানুগ প্রক্রিয়ায় পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় ভ্রমণ ও ট্র্যাকিংয়ের ক্ষেত্রে নির্ধারিত নিরাপদ পথ অনুসরণ, যাত্রার আগে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীকে অবহিত করা এবং স্থানীয় অভিজ্ঞ গাইড সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে বাহিনীটি।
বিজিবি বলেছে, পর্যটক ও ট্র্যাকারদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তের সার্বিক নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবে।







