বাহরাইনে ইরানের একাধিক হামলা প্রতিহতের দাবি

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা ঠেকানোর দাবি মানামার, নাগরিকদের নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ।
টুইট প্রতিবেদক: বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একাধিক আকাশপথের হামলা প্রতিহত করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে এই হামলার ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে হামলায় কী ধরনের ক্ষেপণাস্ত্র বা আকাশযান ব্যবহার করা হয়েছে, কিংবা কতটি হামলা প্রতিহত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্যও প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি সতর্কবার্তা জারি করেছে। এতে দেশটির নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়।
এর আগে মঙ্গলবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করে, তারা বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন সামরিক রাডার ব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের আকাশসীমায় মার্কিন সামরিক ড্রোনের বারবার অনুপ্রবেশের জবাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করে সংস্থাটি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে এর জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায় তেহরান। এতে পুরো অঞ্চলে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরবর্তী সময়ে জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং আলোচনা শুরু হয়। তবে হরমুজ প্রণালিতে নিরাপদ ও অবাধ নৌচলাচল নিশ্চিত করার পদ্ধতি নিয়ে দুই পক্ষের মতবিরোধের কারণে আলোচনা স্থবির হয়ে পড়ে।
সর্বশেষ হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তবে বাহরাইনের পক্ষ থেকে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ না করায় পরিস্থিতির পূর্ণাঙ্গ চিত্র এখনো স্পষ্ট নয়।
সূত্র: আনাদোলু এজেন্সি






