রূপপুরের বিদ্যুৎ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত

প্রথম ইউনিট থেকে প্রাথমিক পর্যায়ে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হয়, যা দেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
টুইট ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা, নানা প্রতিকূলতা, ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি প্রস্তুতির পর অবশেষে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরীক্ষামূলক সংযোগ
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফার্স্ট গ্রিড কানেকশন (এফজিসি) কার্যক্রমের আওতায় প্রাথমিক পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। এই সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
এরপর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে পরবর্তী পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
পরীক্ষার প্রতিটি ধাপে নিম্নলিখিত বিষয়গুলো যাচাই করা হচ্ছে-বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা ও জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সামঞ্জস্য।
এসব পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিএইআরএ)-এর অনুমোদন নিতে হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে পরবর্তী ধাপে পুনরায় ট্রায়াল অপারেশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার প্রক্রিয়া
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রথম ইউনিটের ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হওয়ার পর স্থায়ীভাবে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হবে। তবে পূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।
বিএইআরএর চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, গত অক্টোবরে রিয়্যাক্টরে নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন বিক্রিয়া সফলভাবে পরিচালিত হওয়ার পর প্রথম ইউনিট স্টেজ-সি (ধাপ-সি) কার্যক্রমের চূড়ান্ত অনুমোদন পায়। নির্ধারিত পর্যায়ে তাপশক্তি অর্জনের পর স্টিম জেনারেটরে উৎপন্ন উচ্চচাপের বাষ্প পাইপলাইনের মাধ্যমে টারবাইনে পাঠানো হয় এবং এর সঙ্গে যুক্ত জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয়।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, “জাতীয় সঞ্চালন লাইনে সংযোগ দেওয়াই চূড়ান্তভাবে বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু নয়। এটি মূলত বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং গ্রিড সেই বিদ্যুৎ গ্রহণে কতটা সক্ষম, তা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা।”
আন্তর্জাতিক মানদণ্ড
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র নির্দেশিকা ও আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। প্রয়োজনীয় পরীক্ষা, লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপির উপস্থিতিতে এ ঐতিহাসিক গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হয়। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বিএইআরএর চেয়ারম্যান মাহমুদুল হাসান, এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হওয়ার মধ্য দিয়ে দেশের জ্বালানি খাতে পারমাণবিক শক্তির ব্যবহার বাস্তবায়নের পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।






