সাড়ে ৪ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফের বিমান চলাচল শুরু

নিয়ন্ত্রণব্যবস্থায় যোগাযোগ বিভ্রাটে বন্ধ ছিল উড্ডয়ন, বাতিল ৪ হাজার ৭০০টির বেশি ফ্লাইট
টুইট প্রতিবেদক: যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে উড়োজাহাজের উড্ডয়ন। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা থেকে বিমান চলাচল পুনরায় শুরু হয়।
তবে উড্ডয়ন চালু হলেও ফ্লাইটের সময়সূচি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন লাগতে পারে।
সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার গুরুত্বপূর্ণ যোগাযোগে বড় ধরনের বিঘ্ন দেখা দেওয়ায় শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দেশটির আকাশপথে ব্যাপক অচলাবস্থা সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
নিষেধাজ্ঞা চলাকালে অনেক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় কোনো কোনো ক্ষেত্রে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়।
বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ওই দিন যুক্তরাষ্ট্রে ৪ হাজার ৭০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। পাশাপাশি প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। শনিবারের জন্যও আগাম প্রায় ৭০০টি ফ্লাইট বাতিল করা হয়েছিল।
বিমান চলাচল বিশ্লেষকদের ধারণা, বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল ও বিলম্বের প্রভাব কাটিয়ে স্বাভাবিক সময়সূচিতে ফিরতে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর কয়েক দিন সময় লাগতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এ ঘটনায় দেশটির নিরাপত্তার জন্য কোনো হুমকির তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত হামলারও কোনো আলামত মেলেনি। প্রাথমিকভাবে ঘটনাটিকে টেলিযোগাযোগব্যবস্থার ত্রুটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সম্ভাবনাই পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের আকাশসীমায় দেশজুড়ে উড্ডয়ন স্থগিতের ঘটনা এটি দ্বিতীয়বার। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে ‘নোটিস টু এয়ার মিশনস’ (নোটাম) ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা বিমান চলাচল বন্ধ রেখেছিল এফএএ।
নোটাম ব্যবস্থার মাধ্যমে পাইলটদের উড্ডয়নসংক্রান্ত ঝুঁকি, বিমানবন্দরের সুযোগ-সুবিধার পরিবর্তন এবং উড়োজাহাজ পরিচালনায় প্রভাব ফেলতে পারে, এমন গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করা হয়।
সর্বশেষ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ যোগাযোগব্যবস্থায় সামান্য ত্রুটিও কীভাবে দেশজুড়ে বিমান পরিবহনে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারে, তা আবারও সামনে এসেছে।






