মাঝ আকাশে ভয়াবহ ঝাঁকুনি, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

৯ হাজার ফুট থেকে সাড়ে ৪ হাজার ফুটে নেমে আসে বিমান, কান্না-চিৎকারে আতঙ্কিত যাত্রীরা।

টুইট প্রতিবেদক: তুরস্কে জাতিসংঘের কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে মাঝ আকাশে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশি জ্যেষ্ঠ সাংবাদিক এম. মোশাররফ হোসাইনসহ কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের যাত্রীরা। উড্ডয়নের মাত্র ২০ মিনিটের মাথায় প্রচণ্ড ঝাঁকুনি ও আকস্মিক উচ্চতা কমে যাওয়ায় পুরো বিমানে ছড়িয়ে পড়ে মৃত্যুভয়।

গত ৯ নভেম্বর কাতার এয়ারওয়েজের ফ্লাইট নম্বর কিউআর৬৪৩-এ ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার হয়ে তুরস্কের উদ্দেশে যাত্রা শুরু করেন সাংবাদিক এম. মোশাররফ হোসাইন। রাত ১০টার দিকে যাত্রা শুরুর পরপরই ঘটে এই বিপত্তি।

সাংবাদিকের বর্ণনা অনুযায়ী, উড্ডয়নের প্রায় ২০ মিনিট পর বিমানটি হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি ও তীব্র দুলুনির কবলে পড়ে। একপর্যায়ে প্রায় ৯ হাজার ফুট উচ্চতা থেকে নেমে আসে সাড়ে ৪ হাজার ফুটে। আকস্মিক এই ঘটনায় যাত্রীদের মধ্যে ধারণা তৈরি হয়, বিমানটি হয়তো নিয়ন্ত্রণ হারিয়েছে।

মুহূর্তেই বিমানের ভেতর সৃষ্টি হয় ভয়াবহ আতঙ্ক। কেউ চিৎকার করে কাঁদছিলেন, কেউ সৃষ্টিকর্তাকে স্মরণ করছিলেন। আবার অনেকে আতঙ্কে নির্বাক হয়ে বসে ছিলেন। সেই মুহূর্তে অনেক যাত্রীর চোখের সামনে ভেসে উঠছিল প্রিয়জনদের মুখ।

তবে পাইলটের দক্ষতা ও সময়োপযোগী পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ধীরে ধীরে স্বাভাবিক হয় বিমানের অবস্থা। শেষ পর্যন্ত নিরাপদে কাতারে অবতরণ করে ফ্লাইটটি। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান বিমানের যাত্রীরা।

শুক্রবার (১৪ নভেম্বর) নিজের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় দেওয়া এক পোস্টে ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন এম. মোশাররফ হোসাইন। তিনি জানান, সেই মুহূর্তে মনে হচ্ছিল, এটাই বুঝি জীবনের শেষ অধ্যায়।

বিমান থেকে নিরাপদে নামার পর জীবনের মূল্য নতুন করে উপলব্ধি করেন এই সাংবাদিক। তাঁর উপলব্ধি, পৃথিবীর সব অর্জন, ব্যস্ততা ও পেশাগত সাফল্যের চেয়ে নিরাপদে বেঁচে থাকার মূল্য অনেক বেশি।

ঘটনার ভয়াবহ স্মৃতি এখনো তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছে। তবে বর্তমানে তিনি নিরাপদে তুরস্কে অবস্থান করছেন এবং কপ-৩১ জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছেন।