মাথার চুল বের হলে কি নারীদের নামাজ নষ্ট হয়?

নামাজে মাথার কতটুকু চুল অনাবৃত থাকলে নামাজ ভেঙে যায়, পরপুরুষের সামনে নামাজ আদায়ের বিধানও জানালেন আলেমরা।
টুইট প্রতিবেদক: নামাজ আদায়ের সময় নারীদের মাথার চুল ঢেকে রাখা আবশ্যক। তবে নামাজের মধ্যে অসাবধানতাবশত মাথার দু-চারটি চুল বের হয়ে গেলে নামাজ নষ্ট হবে কি না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। এ বিষয়ে ইসলামী শরিয়তে নির্দিষ্ট বিধান রয়েছে।
ইসলামী বিধান অনুযায়ী, নামাজের সময় কোনো নারীর মাথার সমস্ত চুলের এক-চতুর্থাংশ বা তার বেশি অংশ এক রোকন পরিমাণ সময় অনাবৃত থাকলে নামাজ নষ্ট হয়ে যায়। এক রোকন বলতে নামাজের একটি মৌলিক অংশ সম্পন্ন করার সময়কে বোঝায়। যেমন: তিনবার সুবহানা রাব্বিয়াল আজিম বলার সমপরিমাণ সময়।
অন্যদিকে, নামাজের মধ্যে মাথার দু-চারটি চুল বের হয়ে গেলে নামাজ নষ্ট হয় না। তবে নামাজ শুরু করার আগেই সতর্কতার সঙ্গে মাথার সব চুল ঢেকে নেওয়া উচিত, যেন নামাজের কোনো পর্যায়ে চুলের অংশ অনাবৃত না থাকে।
পরপুরুষের সামনে নারীদের নামাজ আদায়ের বিধান
নারীদের জন্য নামাজ আদায় করা ফরজ। কিন্তু কর্মস্থল, বাজার, বিপণিবিতান কিংবা অন্য কোনো প্রয়োজনে বাইরে থাকলে অনেক সময় নামাজের সময় হয়ে যায়। তখন পরপুরুষের সামনে নামাজ আদায় করা যাবে কি না, তা নিয়েও প্রশ্ন দেখা দেয়।
ইসলামী বিধান অনুযায়ী, নারীদের পরপুরুষের সামনে পর্দা রক্ষা করা আবশ্যক। তবে প্রয়োজনের ক্ষেত্রে শরীর যথাযথভাবে আবৃত রেখে বাইরে যাওয়ার সুযোগ রয়েছে।
সে অনুযায়ী, কর্মস্থল কিংবা অন্য কোনো প্রয়োজনীয় স্থানে নারীরা পূর্ণাঙ্গ শরীর ঢেকে পরপুরুষের সামনেও নামাজ আদায় করতে পারবেন। তবে এ ক্ষেত্রে পর্দার বিধান যথাযথভাবে মেনে চলতে হবে।
এ ছাড়া সম্ভব হলে পুরুষদের দৃষ্টির আড়ালে কিংবা আলাদা স্থানে নামাজ আদায় করাই উত্তম।






