এনভিডিয়া বিতর্কে পদ হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক

চীনে এআই চিপ রপ্তানি নিয়ে সমালোচনার মুখে, কংগ্রেসে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি
টুইট ডেস্ক : যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে পদ থেকে সরানোর বিষয়ে হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। এআই চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে চীন-সংশ্লিষ্ট গুপ্তচরবৃত্তির বিতর্ক এবং দেশটিতে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত দুজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর থেকে আইনপ্রণেতাদের সমালোচনার মুখে রয়েছেন লুটনিক। সন্দেহভাজন চীনা গুপ্তচর অ্যালিস হুয়াং ওরফে হুয়াং লের সঙ্গে জেনসেন হুয়াংয়ের কথিত ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি সামনে আসার পর বিতর্ক আরও জোরালো হয়।
মার্কিন আইনপ্রণেতাদের একাংশের অভিযোগ, ট্রাম্প প্রশাসন চীনের কয়েকটি কোম্পানিকে বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করতে অস্বীকৃতি জানিয়েছে। পাশাপাশি চীনে এনভিডিয়ার পণ্য রপ্তানির ওপর যথাযথ নজরদারি করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তাঁদের দাবি, চীনে এআই চিপ পাঠানো বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেননি লুটনিক।
তবে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী ও তাঁর দায়িত্ব পালনের সক্ষমতার ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে।
বৃহস্পতিবার CNN-কে দেওয়া সাক্ষাৎকারে রিপাবলিকান সিনেটর জন কেনেডিকে লুটনিককে মন্ত্রিসভা থেকে সরানো উচিত কি না, এমন প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো নিশ্চিত নন। তবে তিনি ও আরও কয়েকজন আইনপ্রণেতা লুটনিককে দ্রুত জনসমক্ষে জিজ্ঞাসাবাদ করতে চান।
কেনেডি বলেন, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার পরিকল্পনা রয়েছে কংগ্রেসের। বিষয়টি অত্যন্ত গুরুতর।
রয়টার্সের আগের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্র নতুন কোনো চীনা কোম্পানিকে বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেনি। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই এমন দীর্ঘ বিরতি। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কায় বাণিজ্য বিভাগ এ পদক্ষেপ নেয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন, উন্নত প্রযুক্তি যেন চীনের সামরিক সক্ষমতা বাড়াতে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে রপ্তানি নিয়ন্ত্রণের দুর্বলতা দূর করা জরুরি। এ বিষয়ে লুটনিক ও বাণিজ্য বিভাগের আন্ডার সেক্রেটারি জেফরি কেসলারের ব্যাখ্যা দাবি করেছেন তিনি।
সূত্রের বরাতে জানা গেছে, এলিজাবেথ ওয়ারেন ও ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস সম্প্রতি লুটনিক, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে চিঠি দিয়েছেন। এতে এনভিডিয়ার উন্নত এআই চিপ চীনে রপ্তানি এবং সংশ্লিষ্ট জাতীয় নিরাপত্তাঝুঁকি নিয়ে প্রশাসনের সব নথিপত্র সংরক্ষণের নির্দেশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।






