ঝিকরগাছা আ. লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ আটক

কৃষ্ণনগর এলাকা থেকে গ্রেপ্তার, ডিবি কার্যালয়ে চলছে জিজ্ঞাসাবাদ।
টুইট প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে যশোর ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে কৃষ্ণনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মুসা মাহমুদকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল আজাদ জানান, মুসা মাহমুদ সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার চেষ্টার একাধিক অভিযোগ রয়েছে।
তবে তার বিরুদ্ধে মোট কতটি মামলা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে এসআই আব্দুল্লাহ আল আজাদ জানান, সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত ও নথি পর্যালোচনা শেষে মামলার প্রকৃত সংখ্যা জানা যাবে।
সূত্র: ডিবি পুলিশ ও ঢাকা পোস্ট।






