টাটা পেল মেট্রোরেলের ভূগর্ভস্থ নির্মাণকাজ

জাপানের দুই প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ৫ দশমিক ২ কিলোমিটার অংশ ও তিনটি স্টেশন নির্মাণ করবে ভারতীয় প্রতিষ্ঠানটি।
টুইট প্রতিবেদক: ঢাকা মেট্রোরেলের ভূগর্ভস্থ অংশ নির্মাণের গুরুত্বপূর্ণ কাজ পেয়েছে ভারতের টাটা প্রোজেক্টস। জাপানের দুই প্রতিষ্ঠান নিশিমাতসু কন্ট্রাকশন ও টোডা কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করবে তারা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) যৌথভাবে প্রতিষ্ঠান তিনটিকে কাজটি দিয়েছে। প্রকল্পের আওতায় মেট্রোরেলের ৫ দশমিক ২ কিলোমিটার ভূগর্ভস্থ অংশের বিভিন্ন নির্মাণকাজ সম্পন্ন করা হবে। এর মধ্যে রয়েছে অবকাঠামো নির্মাণ, অভ্যন্তরীণ সাজসজ্জা, যান্ত্রিক ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগ ও পানি সরবরাহ-নিষ্কাশন ব্যবস্থার কাজ।
এ প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো মাটির নিচে তিনটি স্টেশন নির্মাণ। স্টেশনগুলো হচ্ছে—খিলক্ষেত, বিমানবন্দর তৃতীয় টার্মিনাল ও বিমানবন্দর স্টেশন। পাশাপাশি মেট্রোরেল লাইনের উত্তরাংশে একটি গভীর কূপও নির্মাণ করা হবে।
টাটা প্রোজেক্টস এক বিবৃতিতে কাজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জাপানের নিশিমাতসু কন্ট্রাকশন ও টোডা কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে তারা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কাছ থেকে মেট্রোরেল নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ নির্মাণ প্যাকেজ সিপি-০৬-এর দায়িত্ব পেয়েছে।
প্রকল্পটিতে অর্থায়ন ও কারিগরি সহায়তা দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও গতিশীল করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে নতুন এ মেট্রোরেল লাইন নির্মাণ করা হচ্ছে।
উল্লেখ্য, টাটা প্রোজেক্টস ভারতের অন্যতম বৃহৎ অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান। গাড়ি উৎপাদনের পাশাপাশি টাটা গোষ্ঠী জ্বালানি পরিশোধন ও পেট্রোরসায়ন খাতেও ব্যবসা পরিচালনা করে।
নতুন এ নির্মাণকাজ বাস্তবায়িত হলে ঢাকার মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসবে। বিশেষ করে বিমানবন্দর ও খিলক্ষেত এলাকার সঙ্গে দ্রুত গণপরিবহন যোগাযোগ গড়ে তোলার ক্ষেত্রে প্রকল্পটি ভূমিকা রাখবে।






