বিতর্কের জেরে পদ ছাড়লেন এনভিডিয়ার প্রধান

চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্ক ও প্রতিষ্ঠানের কর্মকর্তার সঙ্গে পরকীয়ার অভিযোগ ঘিরে চাপে ছিলেন জেনসেন হুয়াং।
টুইট ডেস্ক: বিতর্ক ও ক্রমবর্ধমান চাপের মুখে অবশেষে পদত্যাগ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। তাঁর স্থলাভিষিক্ত হয়ে অন্তর্বর্তী প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানের অর্থ বিভাগের প্রধান কোলেট ক্রেস।
এনভিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, স্থায়ী প্রধান নির্বাহী নিয়োগ না দেওয়া পর্যন্ত কোলেট ক্রেস অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন। পদত্যাগের ফলে জেনসেন হুয়াং প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ থেকেও সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে হার্ভি সি জোনসকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত কয়েক দিন ধরে ব্যক্তিগত সম্পর্ক ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিতর্কে চাপে ছিলেন ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং। অভিযোগ রয়েছে, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে মার্কিন কর্তৃপক্ষের নজরদারিতে থাকা সিঙ্গাপুরভিত্তিক একটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের সাবেক নির্বাহীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
গত ৮ নভেম্বর এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করে ক্ষমা চান হুয়াং। একই সময়ে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ তাঁর বিরুদ্ধে ওঠা জাতীয় নিরাপত্তাসংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে স্বাধীন তদন্তের ঘোষণা দেয়।
এর মধ্যেই নতুন করে বিতর্ক তৈরি হয় এনভিডিয়ারই এক জ্যেষ্ঠ নারী কর্মকর্তার সঙ্গে তাঁর কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হুয়াং। নাম প্রকাশ না করার শর্তে পাঁচজন ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়। তবে এ সম্পর্কের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, গত মার্চে ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে এনভিডিয়ার একটি সম্মেলন চলাকালে হুয়াং ও পাওয়েলকে একটি হোটেলে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের দুই সাবেক কর্মী। এ ঘটনার একটি ভিডিও থাকার কথাও তাঁরা জানিয়েছেন। তবে তাঁরা নিজেরা ভিডিওটি দেখেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত করেননি।
২০০৮ সালে এনভিডিয়ায় যোগ দেওয়া কিম্বার্লি পাওয়েল বর্তমানে স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষা খাতে প্রতিষ্ঠানটির প্রযুক্তির ব্যবহারসংক্রান্ত বিভিন্ন উদ্যোগ তদারকি করেন। বিশেষ করে চিকিৎসা-চিত্রায়ণ যন্ত্রে এনভিডিয়ার চিপ প্রযুক্তির প্রয়োগ নিয়ে কাজ করেন তিনি।
১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জেনসেন হুয়াং দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিয়ে আসছিলেন। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিশ্বব্যাপী সম্প্রসারণে তাঁর নেতৃত্বে এনভিডিয়া গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে।
তবে সাম্প্রতিক ব্যক্তিগত বিতর্ক, জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ এবং পরিচালনা পর্ষদের তদন্তের মধ্যেই তাঁর পদত্যাগ প্রযুক্তি বিশ্বের অন্যতম আলোচিত নেতৃত্ব পরিবর্তনের ঘটনায় পরিণত হয়েছে।
সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস ও ওয়ালস্ট্রিট জার্নাল






