মানবপাচার ও ডিজিটাল অপরাধ দমনে যৌথ উদ্যোগ

ভুক্তভোগী উদ্ধার, ডিজিটাল আর্থিক তদন্ত ও পুলিশ কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে কৌশলগত অংশীদারত্বে দুই পক্ষের ঐকমত্য।
টুইট ডেস্ক: মানবপাচার প্রতিরোধ, ভুক্তভোগীদের উদ্ধার এবং ডিজিটাল অপরাধ তদন্তে সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের (আইজেএম) সঙ্গে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ পুলিশ। এ লক্ষ্যে দুই পক্ষের মধ্যে কৌশলগত অংশীদারত্ব জোরদারের বিষয়ে ঐকমত্য হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে আইজেএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে মানবপাচার প্রতিরোধ ও ভুক্তভোগীদের উদ্ধারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সঙ্গে আইজেএমের চলমান যৌথ কার্যক্রমের প্রশংসা করেন আইজিপি।
বৈঠকে ডিজিটাল অপরাধ তদন্তে পুলিশ কর্মকর্তাদের দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়। বিশেষ করে রাজারবাগের গোয়েন্দা প্রশিক্ষণ বিদ্যালয়ে বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তাদের ব্লকচেইন অনুসন্ধান, ডার্ক ওয়েব-সংক্রান্ত তদন্ত এবং উন্মুক্ত উৎসভিত্তিক গোয়েন্দা তথ্য সংগ্রহ বিষয়ে দেওয়া বিশেষ প্রশিক্ষণের বিষয়টি আলোচনায় আসে।
ভবিষ্যৎ সহযোগিতার অংশ হিসেবে পুলিশ কর্মকর্তাদের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল আর্থিক তদন্তে কারিগরি সহায়তা, ভুক্তভোগীদের সুরক্ষায় মানসম্মত কার্যপদ্ধতি প্রণয়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারে একমত হয়েছে দুই পক্ষ।
এ সময় আধুনিক প্রযুক্তি ও কারিগরি সক্ষমতা কাজে লাগিয়ে সংঘবদ্ধ অপরাধ এবং মানবপাচার প্রতিরোধে পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আইজিপি।
সাক্ষাৎ শেষে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল তদন্ত বিষয়ে দুই ঘণ্টাব্যাপী বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






